কবে মুক্তি পাবে নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবি
দীর্ঘ বিলম্ব, সেন্সর–জটিলতা আর একাধিক গুঞ্জনের পর অবশেষে ‘জন নায়াগন’–এর মুক্তি নিয়ে নতুন করে রোমাঞ্চ তৈরি হয়েছে। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়া থালাপতি বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমা হিসেবে ঘোষিত এই ছবি আগামী ১৯ জুন মুক্তি পেতে পারে।
তবে এখন পর্যন্ত নির্মাতা প্রতিষ্ঠান বা বিজয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তারিখ ঘোষণা করা হয়নি। অনলাইনের কয়েকটি টিকিট বুকিং প্ল্যাটফর্মে হঠাৎ করেই ১৯ জুন মুক্তির তারিখ দেখা যাওয়ার পর ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়।
ছবিটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। শুরুতে সিনেমাটি ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তির কথা ছিল। কিন্তু সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনসের কর্ণধার ভেঙ্কট কে নারায়ণা জানান, তাঁরা এখনো সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আছেন। সার্টিফিকেট হাতে পেলেই নতুন মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এর মধ্যেই কান চলচ্চিত্র উৎসব থেকে প্রযোজককে দ্রুত দেশে ফিরে এসে মুক্তির প্রস্তুতিতে মনোযোগ দিতে নাকি অনুরোধ করেছিলেন বিজয়—এমন খবরও ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে। ফলে ধারণা করা হচ্ছে, বহু প্রতীক্ষিত ছবিটি অবশেষে মুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে।
রাজনৈতিক–অ্যাকশন ঘরানার এই ছবিতে বিজয়ের সঙ্গে আছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রকাশ রাজ। সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন।
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করেছেন বিজয়। তাঁর দল তামিলগা ভেত্রি কাজাগাম নির্বাচনে জয় পেয়েছে, বিজয় হয়েছেন রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী।
পিংকভিলা অবলম্বনে