অপ্রতিরোধ্য ইমরান হাশমি, ৮ দিনে কত আয় করল ‘আওয়ারাপন ২’

‘আওয়ারাপন ২’ সিনেমায় দিশা পাটানি ও ইমরান হাশমি। আইএমডিবি

ইমরান হাশমির ক্যারিয়ারে ‘আওয়ারাপন’ একটি বিশেষ জায়গা দখল করে আছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটির গান, আবেগঘন গল্প ও ইমরানের অভিনয় এখনো দর্শকের মনে জায়গা করে আছে। প্রায় দুই দশক পর সেই ছবির সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ নিয়ে বড় পর্দায় ফিরেছেন অভিনেতা। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি বক্স অফিসে যে গতি দেখিয়েছে, তাতে দ্বিতীয় সপ্তাহেও আশাবাদী নির্মাতারা।
১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নিতিন কাক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’। মুক্তির অষ্টম দিনে ছবিটি ভারতে নিট আয় করেছে ৫ কোটি ৫০ লাখ রুপি। এর ফলে আট দিনে ভারতের বাজারে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ১১৯ কোটি রুপি। ভারতের গ্রস আয় এরই মধ্যে ১৪১ কোটি ৮৭ লাখ রুপি।

শুধু ভারতের বাজারেই নয়, বিদেশেও ছবিটি দর্শক টানছে। অষ্টম দিনে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও এক কোটি রুপি। ফলে বিদেশে ছবিটির মোট আয় এখন ২৭ কোটি ৩০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘আওয়ারাপন ২’–এর আয় দাঁড়িয়েছে ১৬৯ কোটি ১৭ লাখ রুপি। অর্থাৎ ১৭০ কোটি রুপির মাইলফলক থেকে মাত্র ৮৩ লাখ রুপি দূরে ছবিটি।

প্রথম দিনেই ২২ কোটি
‘আওয়ারাপন ২’ মুক্তির দিন থেকেই ভালো সাড়া পেয়েছে। প্রথম দিনে ছবিটির ভারতীয় বাজারে আয় ছিল ২২ কোটি রুপি। এরপর সপ্তাহান্তে আয় আরও বেড়ে যায়। দ্বিতীয় দিনে ৩৩ কোটি ৭৫ লাখ ও তৃতীয় দিনে ২৬ কোটি রুপি আয় করে ছবিটি।
তবে সপ্তাহের কর্মদিবস শুরু হওয়ার পর আয় কিছুটা কমেছে। চতুর্থ দিনে ছবিটি আয় করে ৯ কোটি ২৫ লাখ রুপি, পঞ্চম দিনে ৯ কোটি ৭৫ লাখ, ষষ্ঠ দিনে ৬ কোটি ৭৫ লাখ ও সপ্তম দিনে ৬ কোটি রুপি।

অষ্টম দিনে আরও ৫ কোটি ৫০ লাখ রুপি যোগ হওয়ায় প্রথম আট দিনে ভারতের নিট আয় দাঁড়িয়েছে ১১৯ কোটি রুপি।

অষ্টম দিনে ভারতে ছবিটির দর্শক উপস্থিতির হার ছিল ১৫ দশমিক ১৯ শতাংশ। সেদিন ৯ হাজার ৮৫৮টি শোতে প্রদর্শিত হয়েছে ছবিটি। দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেও ছবিটি যে খুব একটা ধাক্কা খায়নি, এই হিসাব সেটিই ইঙ্গিত করছে।

‘আওয়ারাপন ২’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

কেন এত আগ্রহ ‘আওয়ারাপন ২’ নিয়ে
‘আওয়ারাপন ২’ মূলত ২০০৭ সালের ‘আওয়ারাপন’–এর সিক্যুয়েল। প্রথম ছবিতে ইমরান হাশমির চরিত্র শিবম পণ্ডিত দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। নতুন ছবিতেও সেই চরিত্রের গল্পকে সামনে এগিয়ে নেওয়া হয়েছে।
এবারও শিবমের জীবনে রয়েছে অপরাধজগতের অন্ধকার, ভালোবাসা, আত্মত্যাগ ও মুক্তির আকাঙ্ক্ষা। অপরাধের জগৎ থেকে বেরিয়ে আসতে চাওয়া এক মানুষের আবেগ ও সংগ্রামই গল্পের অন্যতম কেন্দ্রবিন্দু।

নতুন ছবিতে ইমরানের সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, পুরান গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার।
ছবিটি প্রযোজনা করেছেন ভিশেষ ভাট ও মুকেশ ভাট। প্রযোজনা প্রতিষ্ঠান ভিশেষ ফিল্মস।

ইমরানের জন্যও স্বস্তির খবর
ইমরান হাশমির সাম্প্রতিক ক্যারিয়ারে ‘আওয়ারাপন ২’–এর এই সাফল্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। একসময় বলিউডে ‘সিরিয়াল কিসার’ তকমায় পরিচিত হলেও পরবর্তী সময়ে ইমরান নিজেকে নানা ধরনের চরিত্রে প্রতিষ্ঠিত করেছেন। তবে তাঁর ক্যারিয়ারের আবেগঘন ও সুরনির্ভর ছবিগুলোর মধ্যে ‘আওয়ারাপন’ এখনো আলাদা জায়গা ধরে রেখেছে।

সিক্যুয়েল নিয়ে তাই শুরু থেকেই দর্শকের মধ্যে ছিল নস্টালজিয়া। পুরোনো ছবির সঙ্গে নতুন ছবির যোগসূত্র, ইমরানের প্রত্যাবর্তন এবং জনপ্রিয় গানগুলোকে ঘিরে তৈরি হওয়া আগ্রহ বক্স অফিসে কাজে দিয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন দেখার বিষয়, দ্বিতীয় সপ্তাহে ছবিটি কতটা শক্তিশালী থাকে। ১৬৯ কোটি ১৭ লাখ রুপি আয় নিয়ে ১৭০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে ‘আওয়ারাপন ২’। খুব শিগগির মাইলফলকটি পার করার অপেক্ষায় ছবিটি।

ইন্ডিয়া টুডে অবলম্বনে