পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত, ‘কাঁটে’ কারিগরের মৃত্যু

সঞ্জয় গুপ্ত। এক্স থেকে

বলিউডের পরিচিত চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক সঞ্জয় গুপ্ত মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে নিজ বাসায় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘কাবিল’ ও ‘মুম্বাই সাগা’র মতো সিনেমা নির্মাণ করে হিন্দি চলচ্চিত্রে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি।

সঞ্জয় গুপ্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। সংবাদমাধ্যম আউটলুককে তিনি জানান, শুক্রবার রাতে নিজের বাসায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান সঞ্জয়। এরপর তাঁর মৃত্যু হয়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পরিবারের পক্ষ থেকেও এখনো বিস্তারিত কোনো বিবৃতি আসেনি।

অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব কামাল আর খান সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

‘কাঁটে’ দিয়ে নতুন পরিচিতি
১৯৯৪ সালে ‘আতিশ: ফিল দ্য ফায়ার’ সিনেমা দিয়ে পরিচালনায় অভিষেক হয় সঞ্জয়ের। সিনেমায় অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও আদিত্য পাঞ্চোলি। শুরু থেকেই অ্যাকশন, অপরাধজগৎ ও প্রতিশোধের গল্পের প্রতি তাঁর আগ্রহ ছিল। তবে ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে ২০০২ সালে, ‘কাঁটে’ নির্মাণের মধ্য দিয়ে।
অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, মহেশ মাঞ্জরেকর, লাকি আলী ও কুমার গৌরব অভিনীত সিনেমাটি ছিল ছয় ব্যক্তির ব্যাংক ডাকাতি ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মাত্র ৩৩ দিনে সিনেমাটির শুটিং শেষ করেছিলেন তিনি। ছবিটির দৃশ্যায়ন, রঙের ব্যবহার, আবহসংগীত, সংলাপ ও একাধিক তারকার সমন্বয় দর্শকের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে। মুক্তির পর ছবিটি ধীরে ধীরে কাল্ট সিনেমার মর্যাদা পায়।

‘কাঁটে’ নিয়ে অবশ্য বিতর্কও কম হয়নি। কোয়েন্টিন টারান্টিনোর ‘রিজার্ভয়ার ডগস’ সিনেমার সঙ্গে এর গল্প ও দৃশ্যের মিল নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। সঞ্জয় গুপ্ত অবশ্য একাধিক সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি পুরো ‘রিজার্ভয়ার ডগস’ কখনো দেখেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘কাঁটে’র গল্পের প্রাথমিক ভাবনা এসেছিল ভারতের একটি আলোচিত গয়নার দোকানে ডাকাতির ঘটনা থেকে। শুরুতে সিনেমাটির নামও ছিল ‘দাগড়ি চাল’। পরে গল্পের পটভূমি যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

সঞ্জয় গুপ্ত। এক্স থেকে

২০২২ সালে ‘কাঁটে’র ২০ বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় জানিয়েছিলেন, সিনেমাটি নির্মাণের সময় তিনি পেশাগতভাবে কঠিন সময় পার করছিলেন। কয়েক বছর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে পারেননি। কয়েকটি প্রকল্প আটকে ছিল, কয়েকটি সিনেমা বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এমন পরিস্থিতিতেই ‘কাঁটে’ নির্মাণের পরিকল্পনা করেন তিনি।

মুম্বাইয়ের অপরাধজগৎ বারবার ফিরেছে তাঁর সিনেমায়
সঞ্জয় গুপ্তের সিনেমার অন্যতম বৈশিষ্ট্য ছিল মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড, গ্যাংস্টারদের সংঘাত, অপরাধ ও প্রতিশোধের গল্প। এ ধরনের গল্পকে তিনি উপস্থাপন করতেন স্টাইলিশ দৃশ্যায়ন, দ্রুতগতির সম্পাদনা, তীব্র সংলাপ ও অ্যাকশন দিয়ে। তাঁর সিনেমায় আলাদা রঙের ব্যবহারও ছিল চোখে পড়ার মতো।

‘কাঁটে’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ সিনেমার প্রযোজক ছিলেন সঞ্জয় গুপ্ত। তবে ছবিটি পরিচালনা করেছিলেন অপূর্ব লাখিয়া। বিবেক ওবেরয়, সঞ্জয় দত্ত, অমিতাভ বচ্চন ও সুনীল শেঠি অভিনীত সিনেমাটি মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের একটি আলোচিত সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত। ছবিটির সাফল্যের পর একই অপরাধজগতের গল্প নিয়ে ২০১৩ সালে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ পরিচালনা করেন সঞ্জয়। এতে অভিনয় করেন জন আব্রাহাম, অনিল কাপুর ও তুষার কাপুর।
এ ছাড়া ‘মুসাফির’, ‘জিন্দা’, ‘দশ কাহানিয়া’, ‘জাজবা’ ও ‘মুম্বাই সাগা’ তাঁর উল্লেখযোগ্য পরিচালিত সিনেমা। ২০১৭ সালে হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’ পরিচালনা করেও আলোচনায় আসেন তিনি। দৃষ্টিপ্রতিবন্ধী এক দম্পতির জীবন ও প্রতিশোধের গল্প নিয়ে তৈরি সিনেমাটি তাঁর অপরাধ ও অ্যাকশনধর্মী সিনেমার পরিচিত গণ্ডির বাইরে নতুন ধরনের গল্প বলার প্রয়াস ছিল।

আরও পড়ুন

প্রযোজক হিসেবেও আলাদা পরিচয়
পরিচালনার পাশাপাশি প্রযোজক হিসেবেও বলিউডে কাজ করেছেন সঞ্জয়। ২০০১ সালে নিজের প্রযোজনাপ্রতিষ্ঠান হোয়াইট ফেদার ফিল্মস প্রতিষ্ঠা করেন তিনি। এই প্রতিষ্ঠানের ব্যানারে ‘প্ল্যান’, ‘উডস্টক ভিলা’, ‘অ্যাসিড ফ্যাক্টরি’, ‘পঙ্খ’ও ‘দ্য গ্রেট ইন্ডিয়ান বাটারফ্লাই’র মতো সিনেমা নির্মাণ ও প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন।
মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী গল্প নিয়েও কাজ করার আগ্রহ ছিল সঞ্জয়ের। বিশেষ করে ‘পঙ্খ’-এর মতো সিনেমায় প্রচলিত বলিউডি বিনোদনের বাইরে গিয়ে চরিত্র ও গল্পকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন।

মৃত্যুর আগেও ছিলেন আলোচনায়
মৃত্যুর আগের বছরগুলোয়ও চলচ্চিত্র নিয়ে নিজের মতামত প্রকাশ করে আলোচনায় ছিলেন সঞ্জয়। ২০২৬ সালের সেপ্টেম্বরে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া প্রতিবেদনে উঠে আসে, অমিতাভ বচ্চনকে নিয়ে ‘কাঁটে’ নির্মাণের সময়কার নানা অভিজ্ঞতা এবং সিনেমার সংলাপ নিয়ে তাঁর স্মৃতিচারণা। একই মাসে শাহরুখ খানকে নিয়ে আন্ডারওয়ার্ল্ডের হুমকির প্রসঙ্গেও তাঁর বক্তব্য প্রকাশিত হয়।