৩৭৫ কোটি তিন দিনেই! ঝড় তুলেছে ‘রামায়ণ’

‘রামায়ণ’-এর পোস্টার থেকে। আইএমডিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তির প্রথম দিন থেকেই আলোচনায় রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’। ভারতীয় মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল আগে থেকেই। তার ওপর তারকাবহুল অভিনয়শিল্পী, বিশাল আয়োজন এবং হলিউডের প্রযুক্তিনির্ভর নির্মাণশৈলী—সব মিলিয়ে ছবিটি ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক প্রত্যাশা। মুক্তির পর বক্স অফিসের হিসাবেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি।

দীপাবলির উৎসবের আমেজে তৃতীয় দিনে ছবিটির আয়ে এসেছে বড় উল্লম্ফন। গত শুক্রবার দ্বিতীয় দিনে আয়ের কিছুটা পতন হলেও গতকাল শনিবার সেই ধাক্কা সামলে শক্তিশালী প্রত্যাবর্তন করেছে ‘রামায়ণ’। ৭ নভেম্বর তৃতীয় দিনে ভারতে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। প্রথম দুই দিনের তুলনায় এদিন আয় বেড়েছে ৪৫ দশমিক ৩ শতাংশ। শুধু তা-ই নয়, মুক্তির প্রথম দিনের আয়কেও ছাড়িয়ে গেছে শনিবারের সংগ্রহ।

ভারতীয় বক্স অফিসে প্রথম দিন ছবিটি আয় করেছিল ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে তা কমে দাঁড়ায় ৪৮ কোটি ৫ লাখ রুপিতে। তবে তৃতীয় দিনে আবার গতি ফিরে পেয়েছে সিনেমাটি। তিন দিনে ভারতের বাজারে ছবিটির মোট নিট আয় ১৮২ কোটি ৭০ লাখ রুপি। করসহ মোট আয় ২১৮ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে বিদেশের বাজার থেকে তৃতীয় দিনে এসেছে আরও ৬০ কোটি রুপি। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে ছবিটির মোট আয় ১৫৭ কোটি ২৫ লাখ রুপি।
ভারত ও বিদেশের বাজার মিলিয়ে তিন দিনে বিশ্বব্যাপী ‘রামায়ণ’-এর মোট আয় ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি। ফলে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৩৫০ কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেছে ছবিটি।

হিন্দি সংস্করণেই সবচেয়ে বেশি সাড়া
পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটির আয়ের বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। তৃতীয় দিনে শুধু হিন্দি সংস্করণ থেকেই আয় হয়েছে ৫৩ কোটি রুপি। তিন দিনে এই সংস্করণের মোট আয় ১৩৬ কোটি রুপি। কন্নড় সংস্করণ থেকে এসেছে ১৮ কোটি ৭০ লাখ, তেলেগু থেকে ১৬ কোটি ৭৫ লাখ, তামিল থেকে ৬ কোটি ৬০ লাখ এবং মালয়ালম থেকে ৪ কোটি ৬৫ লাখ রুপি।

বিভিন্ন ভাষায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত যে ছবিটির দর্শকসংখ্যা বাড়াতে সহায়তা করেছে, আয়ের হিসাবেও তার ইঙ্গিত মিলছে। বিশেষ করে হিন্দি সংস্করণের পাশাপাশি কন্নড় ও তেলেগু ভাষার দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পেয়েছে সিনেমাটি।

‘রামায়ণ’-এর দৃশ্য। আইএমডিবি

রণবীর-যশের মুখোমুখি হওয়া ঘিরে আগ্রহ
‘রামায়ণ’-এর অন্যতম বড় আকর্ষণ রণবীর কাপুর ও যশের উপস্থিতি। রামের চরিত্রে রণবীর এবং রাবণের চরিত্রে যশ—দুই তারকার অভিনয়কে ঘিরে দর্শকের আগ্রহ ছিল শুরু থেকেই। সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। এ ছাড়া হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে রয়েছেন।

ছবিতে আরও অভিনয় করেছেন অরুণ গোভিল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয় ও কুনাল কাপুর। গুরুত্বপূর্ণ চরিত্রগুলোয় পরিচিত অভিনয়শিল্পীদের উপস্থিতি সিনেমাটিকে ঘিরে দর্শকের আগ্রহ বাড়িয়েছে।
পরিচালক নিতেশ তিওয়ারি এর আগে ‘দঙ্গল’ও ‘ছিছোড়ে’র মতো সফল সিনেমা নির্মাণ করেছেন। এবার তিনি বেছে নিয়েছেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পরিচিত মহাকাব্যগুলোর একটি।

আরও পড়ুন

রামায়ণের কাহিনিকে বড় পর্দায় নতুনভাবে তুলে ধরতে নির্মাতারা নির্ভর করেছেন আধুনিক প্রযুক্তি ও বিশাল ভিজ্যুয়াল আয়োজনের ওপর।

সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন এ আর রাহমান ও হলিউডের সংগীত পরিচালক হ্যান্স জিমার। চিত্রগ্রহণ করেছেন মিতেশ মিরচান্দানি। ভিজ্যুয়াল ইফেক্টসের দায়িত্বে রয়েছে ডিএনইজি। ফলে ভারতীয় পুরাণের গল্পের সঙ্গে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও নির্মাণশৈলীর মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছেন নির্মাতারা।

‘রামায়ণ’ দুই পর্বে নির্মিত হচ্ছে। প্রথম পর্বের পর গল্পের পরবর্তী অংশ নিয়ে দর্শকের আগ্রহও ইতিমধ্যে তৈরি হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে