মরক্কোর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি
এবারের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে মরক্কো বিদায় নেওয়ার পর আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। গ্যালারিতে বসে চোখের পানি মুছতে দেখা যায় তাঁকে। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
লাল রঙের মরক্কোর জার্সি পরে স্টেডিয়ামে নিজ দেশের সমর্থনে উপস্থিত ছিলেন নোরা। ম্যাচ শেষে মরক্কোর পরাজয় নিশ্চিত হলে তাঁকে চোখের পানি মুছতে দেখা যায়। পাশে থাকা এক বন্ধু তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ফিফার সঙ্গে নোরার দীর্ঘ সম্পর্ক
গত কয়েক বছরে নোরা ফাতেহি ফিফা বিশ্বকাপের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন। এবারের আসরের উদ্বোধনী পরিবেশনাতেও অংশ নিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর অফিশিয়াল বিশ্বকাপ গান ‘সির সিরি’ টুর্নামেন্টজুড়েই আলোচনায় ছিল।
সমর্থকদের ভালোবাসায় আবেগাপ্লুত
বিশ্বকাপ চলাকালে ডালাসে পাওয়া এক অভিজ্ঞতার কথাও সম্প্রতি শেয়ার করেছিলেন নোরা। তিনি বলেন, স্টেডিয়ামে বসে বিশ্বকাপের ম্যাচ দেখা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।
নোরার ভাষায়, গ্যালারিতে অনেক ভারতীয় সমর্থককে মরক্কোর জার্সি পরে নিজের দেশের জন্য উল্লাস করতে দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।
নোরা বলেন, ভারতীয় সমর্থকেরা তাঁকে জড়িয়ে ধরেছেন, ছবি তুলেছেন এবং মরক্কোর প্রতি তাঁদের সমর্থনের মাধ্যমে তাঁকে গর্বিত অনুভব করিয়েছেন। ডালাসে মরক্কোর প্রতি সমর্থন জানানো ভারতীয় ভক্তদের প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
মরক্কোতে জন্মসূত্র, কানাডায় বেড়ে ওঠা এবং ভারতে ক্যারিয়ার গড়া নোরা ফাতেহি বিভিন্ন সময়ই মরক্কো ও ভারতের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানিয়েছেন।
ইন্ডিয়া টুডে অবলম্বনে