বিচ্ছেদের ছয় বছর পর আবার বিয়ে করছেন গায়িকা, বললেন, ‘স্বামী কোটিপতি নন’

রিমি টমি। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিয়ের বিচ্ছেদের ছয় বছরের বেশি সময় পর আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা ও টেলিভিশন উপস্থাপক রিমি টমি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দ্বিতীয় বিয়ের খবর জানিয়েছেন তিনি। জানিয়েছেন, জীবনে নতুন একজন মানুষের আগমন ঘটেছে। শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তাঁরা।

ভিডিওতে রিমি বলেন, ‘আজ এমন একটি খবর জানাতে যাচ্ছি, যা আপনাদের অনেককেই আনন্দ দেবে। আমি ঘুরে বেড়াতে এবং একা থাকতে ভালোবাসি। পরিবারের সবাই সব সময় আমার পাশে ছিলেন। তারপরও মনে হতো, জীবনে একজন জীবনসঙ্গীর অভাব রয়েছে। অবশেষে ২০২৬ সালে একজন মানুষের আগমন ঘটেছে আমার জীবনে।’

কাকে বিয়ে করছেন রিমি?
নতুন সঙ্গীর পরিচয় কিংবা নাম প্রকাশ করেননি রিমি। তবে জানিয়েছেন, তিনি কোনো তারকা নন। অভিনয় কিংবা গানের জগতের সঙ্গেও তাঁর কোনো সম্পর্ক নেই। এমনকি তিনি কোটিপতিও নন।

রিমি বলেন, ‘তিনি অভিনেতা নন, গায়ক নন, কোনো বিখ্যাত মানুষও নন। এমনকি কোটিপতিও নন। জীবনসঙ্গী এমন কেউ নন, যাঁকে চাইলেই দ্রুত খুঁজে নেওয়া যায়। দুজনের মধ্যে খোলামেলা বোঝাপড়া থাকতে হবে, মানসিকতার মিল থাকতে হবে। এমন একজন মানুষ প্রয়োজন, যিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন এবং মানসিক শান্তি দেবেন। অর্থ কিংবা খ্যাতি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু এমন একজন মানুষ চেয়েছি, যিনি আমার যত্ন নেবেন এবং আমাকে শান্তিতে রাখবেন।’

রিমি টমি। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

নতুন এই সম্পর্ককে ঈশ্বরের উপহার মনে করেন রিমি। তাঁর ভাষায়, ‘আমার মনে হচ্ছে, এটি ঈশ্বরের দেওয়া উপহার। জীবনের পথে এগিয়ে গেলেই বাকি সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমি বুঝেছি, জীবনে অর্থ কিংবা খ্যাতিই সবচেয়ে বড় বিষয় নয়। আমার শুধু এমন একজন মানুষ দরকার ছিল, যিনি শান্ত স্বভাবের, আমার যত্ন নেবেন এবং আমার সব দিক বুঝতে পারবেন। অল্প সময়ের মধ্যেই আমরা একে অপরকে বুঝতে পেরেছি। সবচেয়ে বড় কথা, তাঁর সঙ্গে পরিচয়ের পর আমার মন অনেক শান্ত হয়েছে। ভালো একটি জীবন পাওয়ার আশাতেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

পরিচয়ের সময় খুব বেশি দিন না হলেও দুজনের মধ্যে গভীর বোঝাপড়া তৈরি হয়েছে বলে জানান গায়িকা। নতুন জীবন নিয়ে আশাবাদী তিনি। ভিডিওর শেষে শিগগিরই হবু স্বামীর নাম ও অন্যান্য পরিচয় প্রকাশ করার কথা জানিয়েছেন রিমি। পাশাপাশি ভক্তদের কাছে চেয়েছেন ভালোবাসা ও আশীর্বাদ।

রিমি টমি। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

আগের বিয়ে ও সংগীতজীবন
ব্যবসায়ী রয়েস কিঝাকুডানের সঙ্গে ২০০৮ সালের ২৭ এপ্রিল বিয়ে হয়েছিল রিমি টমির। ভারতের কেরালার ত্রিশুরে বসেছিল তাঁদের বিয়ের আসর। ১১ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২০ সালের ১৬ এপ্রিল পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন রিমি ও রয়েস। এ জন্য তাঁরা যোগাযোগ করেন এরনাকুলাম পারিবারিক আদালতে।

সংগীতের দল অ্যাঞ্জেল ভয়েসের সদস্য হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রিমি। পরে মিমিক্রি শিল্পী ও সংগীত পরিচালক নাদির শাহের নজরে আসেন তিনি। নাদির শাহ তাঁকে পরিচালক লাল জোস ও সংগীত পরিচালক বিদ্যাসাগরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ২০০২ সালে ‘মিসা মাধবন’ সিনেমার মাধ্যমে প্লেব্যাক গায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। ছবিতে তাঁর গাওয়া ‘চিঙ্গামাসাম’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়। দীর্ঘদিন গানটি ছিল শ্রোতাদের পছন্দের তালিকার শীর্ষে।

আরও পড়ুন

পরে গানের পাশাপাশি টেলিভিশন উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তা পান রিমি। তাঁর গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘ছাতিক্কাথা চান্থু’, ‘নাম্মাল থাম্মিল’, ‘উদয়ানানু থারাম’, ‘বলরাম ভার্সেস থারাদাস’, ‘ছোটা মুম্বাই’, ‘চকলেট’, ‘মুল্লা’, ‘এলসাম্মা এন্না আনকুট্টি’ ও ‘বডিগার্ড’। মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় এসব গানের মাধ্যমে সংগীতজগতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই গায়িকা।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে