প্রথম দিনেই ঝড় তুলল ‘দৃশ্যম ৩’, কত আয় করল

‘দৃশ্যম ৩’–এর পোস্টার। ইনস্টাগ্রাম থেকে

২০১৩ সালে মুক্তির পরই জিতু জোসেফের মালয়ালম থ্রিলার ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে এর সিক্যুয়েলটিও ব্যাপক প্রশংসিত হয়। একইভাবে ব্যবসায়িক সাফল্য পায় হিন্দি রিমেক দুটিও। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে আছেন জর্জ, একজন সাধারণ কেব্‌ল ব্যবসায়ী। কিন্তু পরিবারকে বাঁচাতে তাঁর বুদ্ধির সঙ্গে টক্কর দিতে পারে কম মানুষই। এবার এসেছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’। গতকাল বৃহস্পতিবার মোহনলালের জন্মদিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

পরিচালক জিতু জোসেফের এই থ্রিলার মুক্তির পর থেকেই কেরলমসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে দর্শকদের ভিড় দেখা গেছে। মিশ্র প্রতিক্রিয়া পেয়েও সিনেমাটি প্রমাণ করে দিয়েছে ‘জর্জকুট্টি’ চরিত্রের জনপ্রিয়তা এখনো অটুট।

প্রথম দিনেই বিশ্বজুড়ে প্রায় ৪৩ কোটি রুপির ব্যবসা করে মালয়ালম সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এর আগে শীর্ষে ছিল ‘এল২: এমপুরান’, যেটিও অভিনয় করেছিলেন মোহনলাল। ফলে মালয়ালম সিনেমার সবচেয়ে বড় দুই ওপেনিং এখন একই অভিনেতার দখলে।

‘দৃশ্যম’ থেকে ‘দৃশ্যম ৩’: এক ইতিহাসের গল্প
২০১৩ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ ভারতীয় থ্রিলার সিনেমার ইতিহাসই বদলে দিয়েছিল। সাধারণ কেব্‌ল অপারেটর জর্জকুট্টি কীভাবে নিজের পরিবারকে বাঁচাতে আইনের ফাঁক গলে বেরিয়ে যান, সেই গল্প দর্শকদের এমনভাবে নাড়া দিয়েছিল যে সিনেমাটি পরে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়সহ বিভিন্ন ভাষায় রিমেক হয়। এমনকি চীন ও শ্রীলঙ্কায়ও তৈরি হয়েছে স্থানীয় সংস্করণ।
এরপর করোনা মহামারির সময়ে ওটিটিতে মুক্তি পায় ‘দৃশ্যম ২’। থিয়েটারে মুক্তি না পেলেও ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়ায়। তাই তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া।

‘দৃশ্যম ২’র দৃশ্য
ছবি : আইএমডিবি

জন্মদিনে মোহনলালের ‘ডাবল সেলিব্রেশন’
২১ মে ছিল মোহনলালের ৬৬তম জন্মদিন। আর সেদিনই মুক্তি পায় সিনেমাটি। ফলে ভক্তদের কাছে দিনটি যেন উৎসবে পরিণত হয়। কেরলমের বিভিন্ন প্রেক্ষাগৃহে মাঝরাত থেকেই ছিল বিশেষ শো, কেক কাটা, ব্যানার আর আতশবাজির আয়োজন।
ছবিতে আবারও ফিরে এসেছে জর্জকুট্টির পরিবার। রানি জর্জের চরিত্রে মীনা, অঞ্জু চরিত্রে আনসিবা হাসান ও অনু চরিত্রে এস্থার অনিল।
দর্শকদের বড় অংশ বলছে, এই পরিচিত পরিবারকে আবার বড় পর্দায় দেখাই ছিল ছবির সবচেয়ে বড় আকর্ষণ।

বক্স অফিসে দুর্দান্ত শুরু
ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ছবিটি ভারতে প্রথম দিনে প্রায় ১৮.৩৭ কোটি রুপি গ্রস আয় করেছে। বিদেশে আয় করেছে আরও প্রায় ২৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রথম দিনের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৩.৩৭ কোটি রুপি।
এটি এখন মালয়ালম সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং। মাত্র কয়েক সপ্তাহ আগে মুক্তি পাওয়া‘প্যাট্রিয়ট’-এর প্রথম দিনের আয়কে ছাড়িয়ে গেছে ছবিটি।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ ভারতীয় সিনেমার বাজারে এখন মালয়ালম ছবির গ্রহণযোগ্যতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় থাকা মালয়ালি দর্শকদের কারণে বিদেশি বাজারে ছবিটির আয় বেড়েছে।

আরও পড়ুন

সমালোচকদের প্রতিক্রিয়া কেমন?
ছবিটি নিয়ে দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়া অবশ্য পুরোপুরি একমুখী নয়। অনেকেই বলছেন, প্রথম দুই কিস্তির তুলনায় এবার রহস্যের গভীরতা কিছুটা কম। আবার কেউ কেউ মনে করছেন, অতিরিক্ত প্রত্যাশার চাপেই ছবিটি পুরোপুরি বিস্ময় তৈরি করতে পারেনি।

তবে প্রায় সবাই একমত, মোহনলালের অভিনয় এখনো সিনেমাটির প্রাণ। বিশেষ করে জর্জকুট্টির নীরব আতঙ্ক, হিসাবি আচরণ আর পরিবারের প্রতি তাঁর মরিয়া ভালোবাসা আগের মতোই দর্শকদের টেনে রেখেছে।
পরিচালক জিতু জোসেফও প্রশংসা পাচ্ছেন গল্প বলার দক্ষতার জন্য। ধীরগতির নির্মাণ হলেও তিনি শেষ পর্যন্ত টান টান উত্তেজনা ধরে রাখতে পেরেছেন বলে মত দিয়েছেন অনেক সমালোচক।

‘দৃশ্যম ৩’–এ মোহনলাল। এক্স থেকে

‘জর্জকুট্টি’ কেন এত জনপ্রিয়?
ভারতীয় মূলধারার সিনেমায় সাধারণত নায়ক মানেই শক্তিশালী, অ্যাকশনধর্মী চরিত্র। কিন্তু জর্জকুট্টি সম্পূর্ণ আলাদা। তিনি না পুলিশ, না গ্যাংস্টার, না সুপারহিরো। তিনি এক সাধারণ পরিবারপ্রেমী মানুষ, যিনি বুদ্ধি দিয়ে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেন।
এই মানবিক দিকটাই চরিত্রটিকে দর্শকদের কাছে বাস্তব করে তুলেছে। ফলে এক দশকের বেশি সময় পেরিয়েও মানুষ এখনো জর্জকুট্টির গল্প দেখতে আগ্রহী।
এখন দেখার বিষয়, মুখে মুখে প্রচার কতটা ইতিবাচক থাকে এবং দ্বিতীয় সপ্তাহেও ছবিটি একই গতি ধরে রাখতে পারে কি না। তবে একটি বিষয় স্পষ্ট, জর্জকুট্টি এখনো হারিয়ে যায়নি; বরং সময়ের সঙ্গে সে ভারতীয় জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।

ইন্ডিয়া টুডে অবলম্বনে