শাহরুখের মান্নাত সংস্কার নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন
ঐতিহ্যবাহী স্থাপনা হওয়ার কারণে শাহরুখ খানের ‘মান্নাত’–এর সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবেশ আন্দোলনকর্মী এবং বিভিন্ন সংগঠন প্রশ্ন তুলছিল। অনেকেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন এ বিষয়ে। শাহরুখের ভক্তদের জন্য এখন এল স্বস্তির খবর। বাড়িটির সংস্কার ও সম্প্রসারণের পথে থাকা আরেকটি আইনি বাধা দূর হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট মান্নাতে দুটি অতিরিক্ত তলা নির্মাণের অনুমোদন চ্যালেঞ্জ করে করা একটি আবেদন খারিজ করে দিয়েছেন।
প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর দেওয়া ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানান। শুনানিতে আদালত বলেছেন, ‘এটি তাঁদের নিজের বাড়ি। সেখানে অতিরিক্ত তলা নির্মাণ করতে চাইলে সেটি তাঁদের সিদ্ধান্ত। আইনের বড় ধরনের কোনো লঙ্ঘন হয়নি। প্রতিবেশী বা অন্য কারও এতে হস্তক্ষেপের কারণ কী?’
আবেদনকারী পরিবেশকর্মী সন্তোষ দৌণ্ডকরের আইনজীবী শোয়েব আলম আদালতে জানান, শাহরুখ খান একজন তারকা বলেই বিষয়টি ভিন্নভাবে দেখা উচিত নয়। তাঁর দাবি ছিল, উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল (সিআরজেড)-সংক্রান্ত অনুমোদন দেওয়ার ক্ষেত্রে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি ভুল করেছে।
তবে এনজিটি আগেই রায়ে বলেছিল, অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কোনো প্রক্রিয়াগত ত্রুটি বা আইনি অসংগতি পাওয়া যায়নি। তাই আবেদনটি খারিজ করা হয়।মান্নাত গ্রেড-৩ ঐতিহ্যবাহী স্থাপনা হওয়ায় সেখানে যেকোনো পরিবর্তনের জন্য বিশেষ অনুমোদন প্রয়োজন, সে কারণে সংস্কার প্রকল্পটি শুরু থেকেই বিভিন্ন মহলের নজরে ছিল।
এর আগে ২০১৯ সালে, যখন মালিকানা স্থায়ী মালিকানায় রূপান্তর করা হচ্ছিল, অতিরিক্ত অর্থ পরিশোধ করায় মহারাষ্ট্র সরকার শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরী খানকে প্রায় ৯ কোটি রুপি ফেরত দেয়। হিসাবের ভুল ধরার পরে তাঁদের আবেদন অনুযায়ী অর্থ ফেরত দেওয়া হয়।প্রায় ২ হাজার ৪৪৬ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত মান্নাত শাহরুখ ও গৌরী খানের নামে নিবন্ধিত। এটি এখন শুধু তারকার বাড়ি নয়, হয়ে উঠেছে মুম্বাইয়ের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া