‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা নিয়ে আমিরকে যা বললেন ক্রিকেটার বুমরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিটি দর্শক টানতে ব্যর্থ হয়েছে
আইএমডিবি থেকে নেওয়া

গত বছরের আগস্টে মুক্তির পর সেভাবে বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’। ছবির ব্যর্থতার কারণেই কিনা অভিনয় থেকে বিরতি নিয়েছেন অভিনেতা। জানিয়েছেন, আগামী কয়েকটা মাস সময়টা পরিবারের সঙ্গেই কাটাবেন। তবে নতুন করে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে আলোচনায় অভিনেতা। সঙ্গে আছেন ভারতীয় পেস বোলার যশপ্রীত বুমরাও! আমিরের সঙ্গে কীভাবে যুক্ত হলেন বুমরাহ? এ নিয়ে প্রতিবেদন করেছে ভারতের বিনোদনবিষয়ক অনলাইন গণমাধ্যম পিংকভিলা।

ভারতে এখন চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট (আইপিএল)। ম্যাচের বিরতিতে দেখানো হচ্ছে একটি বিজ্ঞাপন। সে বিজ্ঞাপনেই একসঙ্গে দেখা গেছে আমির খান ও যশপ্রীত বুমরাহকে।

যশপ্রীত বুমরাহ
ইনস্টাগ্রাম

বিজ্ঞাপনচিত্রটিতে দেখা যায়, আমির ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন, পাশে বুমরাহ। আমির বুমরাহকে বলেন, ‘বুম বুম বল ঠিকমতো করো, আমি বড় বড় হিট (শট) মারি।’ উত্তরে বুমরাহ বলেন, ‘এত হিট মারেন, “লাল সিং”-এর সময় কী হয়েছিল!’ বুমরাহর এই মন্তব্য শুনে আমিরকে একটু বিব্রত দেখা যায়। তিনি তখন বলেন, মাঠে তোমাকে দেখে নিচ্ছি।’

‘লাল সিং চাড্ডা’ নিয়ে এই রসিকতা বেশ পছন্দ করেছেন আমিরের ভক্ত-অনুসারীরা। বিজ্ঞাপনের ক্লিপটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

এদিকে বলিউড হাঙ্গামার খবরে জানা গেছে, অভিনয়ের বিরতি ভেঙে আগেই ফিরতে পারেন আমির খান। এ জন্য যশরাজ ফিল্মের সঙ্গে তাঁর আলোচনা চলছে বলেও জানা গেছে। প্রযোজনা সংস্থাটির একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, আমির চাচ্ছেন ‘পাঠান’ দিয়ে শাহরুখ খান যেভাবে ফিরেছেন সেভাবেই ফিরতে।

আরও পড়ুন

তবে যশরাজের সঙ্গে ছবিটি নিয়ে আমির আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।