বিয়ের পর বড় ঘোষণা, চমকে দিলেন রাশমিকা–বিজয়

বিজয় ও রাশমিকা দুজনই তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব ছবি প্রকাশ করেনছবি: ইনস্টাগ্রাম থেকে

গত বৃহস্পতিবার উদয়পুরে বিয়ে সেরেছেন আলোচিত দক্ষিণি জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা।

বিয়ের রেশ কাটতে না কাটতেই ভক্তদের জন্য বড় চমকের প্রস্তুতি নিচ্ছেন সদ্যবিবাহিত এই তারকা জুটি। আজ তাদের নতুন সিনেমা ‘রণবালি’র ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা। প্রকাশ করা নতুন পোস্টারে রণবালি ও জয়াম্মা—দুটি চরিত্রের ঝলক সামনে আনা হয়েছে। সঙ্গে বার্তা, ২৮ ফেব্রুয়ারির চমকে দর্শক আবারও প্রেমে পড়বেন এই জুটির। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ১১ সেপ্টেম্বর।

‘রণবালি’র পোস্টারে বিজয় ও রাশমিকা। ইনস্টাগ্রাম থেকে

ঔপনিবেশিক প্রেক্ষাপটে বিদ্রোহের গল্প

ছবিটি পরিচালনায় রয়েছেন রাহুল সাংকৃত্যায়ন। ঔপনিবেশিক ভারতের পটভূমিতে নির্মিত এই পিরিয়ড অ্যাকশন ড্রামায় বিজয়কে দেখা যাবে এক ভিন্ন রূপে। সম্প্রতি প্রকাশিত ঝলক ইতিমধ্যেই কোটি ভিউ ছুঁয়েছে। গা ছমছমে আবহ, আবেগঘন গল্প ও শক্তিশালী পটভূমি সংগীত—সব মিলিয়ে ‘রণবালি’ প্রতিশোধ, সত্য আর বিদ্রোহের এক বৃহৎ ক্যানভাসের ইঙ্গিত দিচ্ছে। ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন রাশমিকা। আন্তর্জাতিক অভিনেতা আর্নল্ড ভসলুর উপস্থিতি ছবির পরিসর আরও বাড়িয়েছে।

আরও পড়ুন

‘রণবালি’ রাশমিকা–বিজয়ের তৃতীয়বার পর্দায় জুটি বাঁধা; এর আগে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবিতে।  পরিচালক রাহুল সাংকৃত্যায়নের সঙ্গে বিজয়ের পুনর্মিলনও ঘটছে—তাঁদের আগের কাজ ছিল ‘ট্যাক্সিওয়ালা’। চলচ্চিত্রের চমকের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন এই তারকা জুটি।

২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিলাসবহুল একটি হোটেলে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে