মাত্র ৩০ বছর বয়সে মৃত্যুর পর অভিনেত্রীর পোস্ট ভাইরাল
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন হরিয়ানভি অভিনেত্রী দিবাঙ্কা সিরোহি। ৩০ বছর বয়সী দিবাঙ্কার মৃত্যুর পর তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্ট সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০২৩ সালের জুনে করা সেই পোস্টে একটি ছবি জুড়ে দিয়েছিলেন দিবাঙ্কা। ছবিতে দিবাঙ্কাকে নীল জ্যাকেট ও মেরুন পাগড়ি পরা অবস্থায় দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, ‘শিব, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও।’ পোস্টে অনেকে কমেন্ট করেছেন।
গত মঙ্গলবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হন দিবাঙ্কা। পরে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দিবাঙ্কা সিরোহির মৃত্যুর খবরে হরিয়ানা অঞ্চলের শিল্পীরা শোক প্রকাশ করেছেন। তবে পরিবারের তরফ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।
উত্তর প্রদেশের বুলন্দশহরে জন্ম ও বেড়ে ওঠা দিবাঙ্কার। তবে তিনি হরিয়ানার বিনোদন অঙ্গনে কাজ করতেন। এই অঞ্চলের সংস্কৃতি ‘হরিয়ানভি’ নামে পরিচিত।
দিবাঙ্কা গাজিয়াবাদে পরিবারের সঙ্গে বসবাস করতেন। গতকাল বুধবার বিকেলে গজিয়াবাদে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে দিবাঙ্কার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
উত্তর প্রদেশের মেয়ে দিবাঙ্কা হরিয়ানভি বিনোদনজগতে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। ৫০টির বেশি হরিয়ানভি গানের ভিডিওতে মডেলিং করেছেন তিনি। সময়ের সঙ্গে তিনি আঞ্চলিক সংগীত অঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠেন।
ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমেও দিবাঙ্কা জনপ্রিয়তা পান।
এক সাক্ষাৎকারে দিবাঙ্কা সিরোহি বলেন, ‘ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি আমার আগ্রহ ছিল। দীপাবলির সময় আমি নীল স্যুট পরে “মেরি মাম্মি নু পসন্দ নি তু” গানে একটি টিকটক ভিডিও বানাই। ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রায় দুই কোটি ভিউ পায়। এরপর টিকটকে আমার অনুসারীর সংখ্যা ৫০ লাখে পৌঁছে যায়।’
চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষে করেন দিবাঙ্কা। পরে সিকিম থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
ইন্ডিয়া টুডে অবলম্বনে