১০০ কোটির বাড়িতে উঠবেন আমির, সাবেক স্ত্রী ও সন্তানদের জন্যও থাকছে ব্যবস্থা

রীনা দত্ত, কিরাণ রাও, গৌরী স্প্র্যাট ও আমির খান। কোলাজ

বলিউড তারকা আমির খান শুধু নতুন সংসারই শুরু করেননি, এবার পুরো পরিবারকে এক ছাদের নিচে আনার বড় পরিকল্পনাও করেছেন। মুম্বাইয়ের অভিজাত পালি হিলে প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে বহুতল ‘স্কাই ভিলা’ নির্মাণ করছেন তিনি। সেখানে স্ত্রী গৌরী স্প্র্যাট, সন্তান, মা, বোন—এমনকি সাবেক স্ত্রী ও তাঁদের সন্তানদের জন্যও আলাদা থাকার ব্যবস্থা থাকবে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এই পরিকল্পনার সূত্রপাত ২০২৪ সালে। তখন জানা যায়, আমিরের দীর্ঘদিনের বাসভবন–সংলগ্ন ‘বেলা ভিস্তা’ও ‘মারিনা অ্যাপার্টমেন্টস’ পুনর্নির্মাণ করা হবে। দুটি পুরোনো ভবন ভেঙে সেখানে নতুন আবাসন নির্মাণের কাজ চলছে, যা ২০৩০ সালে শেষ হওয়ার কথা। পুনর্নির্মাণ শুরুর আগেই প্রকল্পটির অন্যতম বড় অংশীদার ছিলেন আমির। ‘বেলা ভিস্তা’র ২৪টি ফ্ল্যাটের মধ্যে ৯টির মালিক ছিলেন তিনি। পাশাপাশি পাশের ‘মারিনা অ্যাপার্টমেন্টস’-এও তাঁর একাধিক ফ্ল্যাট ছিল।

এবার ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুনর্নির্মিত ভবনে আরও কয়েকটি ফ্ল্যাট কিনতে ১০০ কোটির বেশি রুপি ব্যয় করেছেন আমির। এসব ফ্ল্যাট একত্র করে তৈরি করা হবে বিশাল একটি ‘স্কাই ভিলা’, যেখানে একই সঙ্গে একাধিক প্রজন্মের পরিবারের সদস্যরা বসবাস করতে পারবেন।

প্রতিবেদন অনুযায়ী, ভবনের একটি সম্পূর্ণ তলা থাকবে পারিবারিক আয়োজন, উৎসব ও অতিথি আপ্যায়নের জন্য। ছেলে জুনায়েদ খানের জন্য থাকবে আলাদা একটি তলা। আর আমির নিজে স্ত্রী গৌরী স্প্র্যাট এবং গৌরীর আগের সংসারের ছেলে কুইনকে নিয়ে থাকবেন দুটি তলাজুড়ে।

দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এক্স থেকে

শুধু বর্তমান সংসার নয়, পরিবারের অন্য সদস্যদের জন্যও আলাদা ব্যবস্থা রাখছেন অভিনেতা। তাঁর মা জিনাত হুসেন, বোন নিখাত খান ও ফরহাত খান দত্তের জন্য থাকবে পৃথক আবাসন। এমনকি সাবেক স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ছেলে আজাদের জন্যও একটি আলাদা অ্যাপার্টমেন্ট রাখার পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুনর্নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমির সাময়িকভাবে কাছাকাছি একটি ভবনে ভাড়া থাকছেন। পালি হিলের নার্গিস দত্ত রোডের ‘উইলনোমোনা অ্যাপার্টমেন্টস’-এ চারটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বর্তমানে তিনি মা, বোন, ছেলে জুনায়েদ ও আজাদ, স্ত্রী গৌরী স্প্র্যাট ও কুইনকে নিয়ে বসবাস করছেন।

আরও পড়ুন

চলতি বছরের ৫ জুলাই পালি হিলের বাড়িতেই ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে নিবন্ধিত বিয়ে করেন আমির খান ও গৌরী স্প্র্যাট। তাঁদের আগের সংসারের সন্তানেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আংটিবদলের অনুষ্ঠানে আংটি বহনের দায়িত্ব পালন করেন আমিরের ছেলে আজাদ রাও খান ও গৌরীর ছেলে কুইন।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত ও পরে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। নতুন এই ‘স্কাই ভিলা’ পরিকল্পনা বাস্তবায়িত হলে বলিউডের তারকাদের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী পারিবারিক আবাসগুলোর একটি হয়ে উঠতে পারে এটি।