১০৭ শতাংশ লাভে ৪টি ফ্ল্যাট বিক্রি
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন, তাঁর বোন নূপুর শ্যানন ও মা গীতা শ্যানন মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে থাকা চারটি আবাসিক ফ্ল্যাট বিক্রি করে বড় অঙ্কের মুনাফা করেছেন। সম্প্রতি নিবন্ধিত সম্পত্তি–সংক্রান্ত নথি অনুযায়ী, তাঁরা চারটি ফ্ল্যাট মোট ৮ কোটি ৯০ লাখ রুপিতে বিক্রি করেছেন। সব মিলিয়ে লাভ হয়েছে ১০৭ শতাংশ।
ফ্ল্যাটগুলো মুম্বাইয়ের জনপ্রিয় আবাসিক প্রকল্প রাহেজা ক্ল্যাসিকে অবস্থিত। আন্ধেরি পশ্চিম এলাকা দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র ও বিনোদনজগতের তারকাদের পছন্দের আবাসিক অঞ্চল হিসেবে পরিচিত। উন্নত যোগাযোগব্যবস্থা, মেট্রো, পশ্চিম এক্সপ্রেস হাইওয়ে এবং ফিল্ম সিটি ও বান্দ্রা–কুরলা কমপ্লেক্সের (বিকেসি) মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রের কাছাকাছি হওয়ায় এই এলাকার সম্পত্তির দাম দ্রুত বেড়েছে।
দুটি বড় ফ্ল্যাট বিক্রি ৩ কোটি ২৩ লাখ রুপিতে
নথি অনুযায়ী, দুটি বড় ফ্ল্যাটের প্রতিটির বিক্রয়মূল্য ৩ কোটি ২৩ লাখ রুপি। প্রতিটি ফ্ল্যাটের আয়তন প্রায় ৬৫৪ বর্গফুট এবং সঙ্গে একটি করে গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। এ ছাড়া আরও দুটি ছোট ফ্ল্যাট বিক্রি করা হয়েছে ১ কোটি ২১ লাখ রুপি করে।
৪ কোটি ৩১ লাখ থেকে ৮ কোটি ৯০ লাখ
সম্পত্তি রেকর্ড বলছে, গীতা শ্যানন ২০১৩ সালে দুটি ফ্ল্যাট কিনেছিলেন মোট ১ কোটি ৪০ লাখ রুপিতে। পরে ২০১৭ সালে কৃতি ও নূপুর শ্যানন আরও দুটি ইউনিট কিনেছিলেন ২ কোটি ৯০ লাখ রুপিতে।
অর্থাৎ চারটি ফ্ল্যাট কিনতে তাঁদের মোট খরচ হয়েছিল প্রায় ৪ কোটি ৩১ লাখ রুপি। আর এখন বিক্রি করে পেয়েছেন ৮ কোটি ৯০ লাখ রুপি। ফলে প্রায় ৪ কোটি ৬০ লাখ রুপি অতিরিক্ত আয় হয়েছে, যা বিনিয়োগের তুলনায় প্রায় ১০৭ শতাংশ মুনাফা।
কে কিনলেন ফ্ল্যাটগুলো
চারটি ফ্ল্যাটের ক্রেতা হলেন ভারতের অন্যতম পরিচিত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। বলিউডে বহু নতুন মুখকে পরিচিত করে তোলার কৃতিত্ব তাঁর। ২০২০ সালে তিনি পরিচালক হিসেবে অভিষেক করেন ‘দিল বেচারা’ ছবির মাধ্যমে।
অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তাও কৃতি
২০১৪ সালে বলিউডে অভিষেকের পর কৃতি শ্যানন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সমসাময়িক বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে। অভিনয়ের পাশাপাশি তিনি ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমেও যুক্ত হয়েছেন। অন্যদিকে নূপুর শ্যানন অভিনয় ও গানের জগতে নিজের অবস্থান তৈরি করেছেন।
রিয়েল এস্টেটে এই বিনিয়োগ থেকে পাওয়া বিপুল মুনাফা দেখিয়ে দিল, চলচ্চিত্রের পাশাপাশি সম্পত্তি খাতেও শ্যানন পরিবারের বিনিয়োগ ছিল বেশ সফল।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে