মোদির ভিডিও বার্তার পর কড়া প্রতিক্রিয়া বলিউড তারকার
প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। তাঁর মতে, এত বড় একটি সংকটের পর প্রধানমন্ত্রীর বক্তব্যে নিহত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি সহানুভূতির কোনো প্রকাশ ছিল না।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন। নরেন্দ্র মোদির পোস্টের প্রতিক্রিয়ায় দিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘যেসব বাবা-মা তাঁদের সন্তানদের হারিয়েছেন, যেসব সন্তান মারা গেছে, নিজেদের অধিকার দাবি করা শিক্ষার্থীদের অবিশ্বাস্য ধৈর্য, সোনমজি এবং সপ্তাহের পর সপ্তাহ অনশনরত শিক্ষার্থীদের জন্য সহানুভূতির একটি শব্দও নয়। এতটাই কি কঠিন হতে পারে, স্যার?’
এরপর তিনি আরও প্রশ্ন তোলেন, ‘এই বিষয়ে মুখ খুলতে আপনার ৪৭ দিন লেগে গেল, আর এখনো আপনি কিছুই বলেননি। এমন কিছুই বলেননি, যা ভেঙে যাওয়া লাখো মানুষের হৃদয়ের ক্ষত কিছুটা হলেও সারিয়ে তুলতে পারে।’
এতেই থেমে থাকেননি অভিনেত্রী। তিনি আরও লেখেন, ‘শিক্ষার্থীদের জন্য, তাঁদের বাবা-মায়ের জন্য এবং যাঁরা ন্যায়বিচারের আশায় দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন, তাঁদের জন্য সহমর্মিতার একটি বাক্যও কি খুব বেশি চাওয়া ছিল?’ দিয়ার ভাষ্যে, ‘নেতৃত্ব শুধু প্রশাসনিক পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের কষ্টের সময় তাদের পাশে দাঁড়ানোর মধ্যেও নেতৃত্বের পরিচয় পাওয়া যায়।’
নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই ভারতে দেশজুড়ে শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন করছেন। আন্দোলন চলাকালে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান এবং সমস্যার সমাধানে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করেন। তবে সেই বক্তব্যে নিহত শিক্ষার্থী বা তাঁদের পরিবারের প্রতি কোনো সমবেদনা প্রকাশ না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। সেই সমালোচনায় শামিল হন দিয়া মির্জাও।
অভিনেত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই তাঁর বক্তব্যের সঙ্গে একমত হয়ে শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি সহানুভূতি জানানোর দাবি তুলেছেন। আবার কেউ কেউ প্রধানমন্ত্রীর বক্তব্যের পক্ষেও মত দিয়েছেন। ফলে নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিতর্কের মধ্যেই দিয়ার মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
দিয়াকে সম্প্রতি নেটফ্লিক্সের ‘ইক্কা’ ছবিতে সানি দেওলের স্ত্রীর চরিত্রে দেখা গেছে। খুব শিগগির তাঁকে ওনি সেন পরিচালিত ‘অপারেশন সফেদ সাগর’ সিরিজে দেখা যাবে। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে ভারতীয় বিমান সেনার অকথিত কাহিনি এই সিরিজে তুলে ধরা হবে। সিরিজটিতে দিয়া ছাড়া আছেন সিদ্ধার্থ, জিমি শেরগিল, আদিল হুসেইন, প্রজক্তা কোলি, অভয় ভার্মা, মিহির আহুজাসহ আরও অনেকে।