১২ কোটি টাকায় যে ব্র্যান্ডের গাড়ি কিনলেন শাহরুখ
প্রায় চার বছরের বিরতি যেন সুদে–আসলে পুষিয়ে দিয়েছেন শাহরুখ খান। গত ২৫ জানুয়ারি মুক্তির পর তাঁর সিনেমা ‘পাঠান’ এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। ছবির সাফল্যের পর শাহরুখ নিজের সবচেয়ে দামি গাড়ি কিনেছেন বলে খবর। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, শাহরুখের নতুন কেনা গাড়িটির দাম বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৭০ লাখ টাকার বেশি।
নতুন গাড়ি নিয়ে শাহরুখ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি; তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঠিকই ছড়িয়ে পড়েছে তাঁর গাড়ির ছবি, ভিডিও। বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক ব্র্যান্ড রোলস রয়েসের নতুন মডেলের গাড়ি কিনেছেন অভিনেতা।
বিলাসবহুল গাড়ির প্রতি আগে থেকেই দুর্বল শাহরুখ, তাঁর সংগ্রহে আছে বেশি কয়েকটি নামী ব্র্যান্ডের গাড়ি। তবে নতুন কেনা এই রোলস রয়েস দামের দিক থেকে আগের সবগুলোকে ছাড়িয়ে গেছে। শাহরুখের গাড়ির ছবি ছড়িয়ে পড়েছে নেট–দুনিয়ায়। সেটা যে তাঁরই গাড়ি, তা বোঝা যাচ্ছে গাড়ির নাম্বারপ্লেট দেখে। শাহরুখ মনে করেন, তাঁর জন্য শুভ সংখ্যা ‘৫’। সাধারণত নিজের গাড়ির চারটি সংখ্যার মধ্যে ‘৫’–কে রাখার চেষ্টা করেন শাহরুখ। এই গাড়ির নম্বরেও রয়েছে একাধিক ‘৫’। গাড়িটির রং সাদা।
এর আগে ‘পাঠান’ মুক্তির পর সংবাদ সম্মেলনে সবার নজর কেড়েছিল শাহরুখের নতুন ঘড়ি। শাহরুখের নীল রঙের ঘড়ির মূল্য লাখ ছাড়িয়ে কয়েক কোটি।
জানা গেছে, ঘড়িটির দাম প্রায় পাঁচ কোটি রুপি। ক্রোনো২৪ ওয়েবসাইট অনুসারে কিং খানের নীল রঙের ঘড়ির দাম ৪ দশমিক ৯৮ কোটি। ঘড়িটি অডমার্স পিগুয়েট ব্র্যান্ডের। তাঁর রয়্যাল ওক পরপেচুয়েল ক্যালেন্ডার ঘড়িটি এখন নেট–দুনিয়াজুড়ে।
এদিকে জানা গেছে, শাহরুখের নতুন ছবি ‘জওয়ান’-এর আরেকটি টিজার আসতে চলেছে। এর মধ্যেই টিজারটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। ঈদের সালমান খানের নতুন ছবি ‘কিসিকা ভাই কিসিকি জান’ মুক্তির পর টিজারটি প্রেক্ষাগৃহে চালানো হবে।