‘থ্রি ইডিয়টস’ দেখতে যুক্তরাষ্ট্রে পুরো হল ভাড়া করলেন পাকিস্তানি যুবক

‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমির, মাধবন ও শারমানছবি: আএমডিবি

বলিউডে বক্স অফিসে সফল ও দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন পাকিস্তানি বংশোদ্ভূত উদ্যোক্তা ফারজা মাজিদ। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো–ভিত্তিক এই উদ্যোক্তা আগামী ২৪ মে সান ফ্রান্সিসকোর মেরিনা থিয়েটারে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর ঘোষণা দিয়েছেন। এর জন্য তিনি ২৫০ আসনের একটি পুরো প্রেক্ষাগৃহ ভাড়া নিয়েছেন বলেও জানা গেছে।

‘থ্রি ইডিয়টস’-এ আমির খান, শারমান যোশি ও আর. মাধবন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ফারজা মাজিদ লেখেন, ‘আমি সান ফ্রান্সিসকোতে ২৫০ আসনের একটি থিয়েটার ভাড়া নিয়েছি সর্বকালের অন্যতম সেরা ছবি “থ্রি ইডিয়টস” প্রদর্শনের জন্য।’ তিনি আরও লেখেন, ‘এটি ভারতের প্রেক্ষাপটে নির্মিত তিন বন্ধুর জীবনের গল্প, যারা নিজেদের ভবিষ্যৎ ও জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করে। আপনি যদি জীবনের কোনো অচলাবস্থায় থাকেন, অনুপ্রেরণা খুঁজে থাকেন কিংবা শুধু একটু হাসতে চান, তাহলে এসে ছবিটি দেখতে পারেন।’

আরও পড়ুন

পরবর্তী এক পোস্টে ফারজা জানান, প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে রোববার, ২৪ মে। প্রত্যেক ব্যক্তির জন্য একটি করে টিকিট বরাদ্দ থাকবে এবং ছবিটি সাবটাইটেলসহ প্রদর্শন করা হবে। যাঁরা এখনো ছবিটি দেখেননি, তাঁদের জন্য তিনি এটি দেখার বিশেষ পরামর্শও দেন।

ফারজার পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্যে ‘থ্রি ইডিয়টস’কে ভারতীয় সিনেমার অন্যতম সেরা চলচ্চিত্র বলে উল্লেখ করেন। একজন লেখেন, ‘ভারতীয় সিনেমার অন্যতম সেরা ছবি এটি, অবশ্যই দেখা উচিত।’ আরেকজন জানতে চান, ‘আমি কি আসতে পারি?’ জবাবে ফারজা মজার ছলে লেখেন, ‘হ্যাঁ, তুমি আমার পাশেই বসতে পারো।’

‘থ্রি ইডিয়টস’ ছবির দৃশ্যে কারিনা কাপুর খান ও আমির খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

আরেকজন ব্যবহারকারী জানান, তিনি অনেক দিন ধরেই অনলাইনে ছবিটি খুঁজছিলেন; কিন্তু কোথাও পাচ্ছিলেন না। এই আয়োজনকে তিনি ‘অদ্ভুত এক কাকতালীয় আনন্দ’ বলে বর্ণনা করেন। কেউ কেউ আবার ছবির শুটিং লোকেশনের স্মৃতিও তুলে ধরেন মন্তব্যে।

রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ মুক্তি পায় ২০০৯ সালে। চেতন ভগতের উপন্যাস ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনয় করেন আমির খান, আর মাধবন, শারমান যোশী ও কারিনা কাপুর। ছবিতে আমির খানের চরিত্রটি অনুপ্রাণিত হয়েছিল লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত সোনম ওয়াংচুকের জীবন থেকে।


এনডিটিভি অবলম্বনে