ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীরা কী কী পান

পুরস্কার হাতে ইয়ামি, কার্তিক ও মাম্মুটি। কোলাজ

গত মঙ্গলবার ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর বসেছিল গুজরাটের কেভাডিয়ার একতা নগরে। ২০২৪ সালের ভারতীয় সিনেমার সেরা কাজগুলোর স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগে মোট ৯২ জন বিজয়ীকে এ বছর জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন মাম্মুটি, কার্তিক আরিয়ান, ইয়ামি গৌতম, ধানুশ, অনন্ত নাগ, সঞ্জয় মিশ্রাসহ চলচ্চিত্রজগতের একাধিক তারকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানেই শুধু সম্মান ও স্বীকৃতি নয়, এর সঙ্গে থাকে পদক, সনদপত্র এবং বিভাগ অনুযায়ী নগদ অর্থও। তবে কোন বিভাগে কত অর্থ দেওয়া হয়, তা অনেকেরই অজানা। এবার তা জেনে নেওয়া যাক।

২ লাখ রুপি
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন বিভাগের জন্য অর্থের পরিমাণ আলাদা। সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী ও সেরা পরিচালকের মতো বিভাগে বিজয়ীরা বিভাগ অনুযায়ী ২ বা ৩ লাখ রুপি পান। এর সঙ্গে দেওয়া হয় ‘রজত কমল’ বা ‘স্বর্ণ কমল’ পদক।

এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মাম্মুটি এবং কার্তিক আরিয়ান। ‘ব্রহ্মযুগম’ ও ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অভিনয়ের জন্য তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘রজত কমল’ এবং ২ লাখ রুপি করে।
‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। তিনিও পেয়েছেন ‘রজত কমল’ পদক ও ২ লাখ রুপি।

এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মাম্মুটি । ফেসবুক থেকে

স্বর্ণ কমল ও রজত কমল
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মূলত দুটি ধরনের পদক দেওয়া হয়—‘স্বর্ণ কমল’ ও ‘রজত কমল’। স্বর্ণ কমল দেওয়া হয় সেরা ফিচার ফিল্ম, সেরা পরিচালক এবং সেরা জনপ্রিয় ছবির মতো গুরুত্বপূর্ণ বিভাগে। অন্যদিকে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা সংগীত ও সম্পাদনার মতো বিভাগে দেওয়া হয় রজত কমল। পুরস্কারের বিভাগ অনুযায়ী শুধু পদকের ধরনই বদলায় না, নগদ অর্থের পরিমাণও আলাদা হয়।

পুরস্কার হাতে কার্তিক। ইনস্টাগ্রাম থেকে

১০ লাখ রুপি
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অন্যতম আকর্ষণ ছিলেন অনন্ত নাগ। ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ অবদানের জন্য তাঁকে দেওয়া হয়েছে দাদাসাহেব ফালকে পুরস্কার। পুরস্কার দেওয়ার আগে সিনেমাজগতে তাঁর অবদান তুলে ধরে একটি বিস্তারিত উপস্থাপনাও দেখানো হয়। দাদাসাহেব ফালকে পুরস্কারের সঙ্গে রয়েছে ১০ লাখ রুপি নগদ অর্থ। এর পাশাপাশি পুরস্কারপ্রাপককে দেওয়া হয় একটি স্বর্ণ কমল পদক এবং একটি শাল। ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারকে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রে তাই বিজয়ীদের প্রাপ্তি শুধু একটি পদক বা সনদপত্রে সীমাবদ্ধ নয়। বিভাগ অনুযায়ী নগদ অর্থের পাশাপাশি থাকে স্বর্ণ কমল বা রজত কমলের মতো সম্মাননা। আর দাদাসাহেব ফালকে পুরস্কারের ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হয় বিশেষ নগদ পুরস্কার, স্বর্ণ কমল ও শাল।

পুরস্কার হাতে ইয়ামি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে