রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
সোমবার সকালটা ছিল রণবীর কাপুরের জন্য অন্য রকম। ৪৪ বছরে পা দিলেন বলিউডের এই অভিনেতা। বাড়ির বাইরে অপেক্ষায় ছিলেন আলোকচিত্রী ও ভক্তরা। তাঁদের শুভেচ্ছা গ্রহণ করলেন রণবীর। এরপর একে একে কাটলেন তিনটি কেক।
তবে দিনের সবচেয়ে আলোচিত মুহূর্তটি এসেছে আলিয়া ভাটের কাছ থেকে।
স্বামীর জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন আলিয়া। ছবিগুলোতে উঠে এসেছে তাঁদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত। সঙ্গে ছোট্ট রাহাও আছে।
একটি ছবিতে রণবীর বসে আছেন আলিয়ার কোলে। দুজনের চোখে চোখ। আরেক ছবিতে ছোট্ট রাহাকে কোলে নিয়ে আছেন রণবীর। অন্য একটি ছবিতে দুজনের সেলফি। রণবীরের গালে দেখা যাচ্ছে আলিয়ার লিপস্টিকের দাগ।
ছবিগুলোর সঙ্গে আলিয়া লিখেছেন, ‘হ্যাপি বার্থডে কিউটি।’
ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যেও শুরু হয় উচ্ছ্বাস। কারণ, রণবীর ও আলিয়া সাধারণত তাঁদের ব্যক্তিগত জীবন খুব বেশি প্রকাশ্যে আনেন না। তাই নতুন ছবিগুলো দ্রুতই নজর কাড়ে।
এক ভক্ত লিখেছেন, ‘আমি আপনার স্বামীর প্রেমে পড়ে গেছি।’ আরেকজনের মন্তব্য, ‘সবচেয়ে প্রতীক্ষিত পোস্ট।’ কেউ লিখেছেন, ‘আমার পুরো হৃদয়।’
এদিকে জন্মদিনে ভক্তদেরও সময় দিয়েছেন রণবীর। বাড়ির বাইরে এসে আলোকচিত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁদের শুভেচ্ছা গ্রহণ করেন। এরপর সামনে রাখা তিনটি কেক কাটেন। চারপাশ তখন করতালিতে মুখর।
সামনে ব্যস্ত সময়
ব্যক্তিজীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত রণবীর। সামনে আছে একাধিক বড় বাজেটের সিনেমা।
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এ রামের চরিত্রে দেখা যাবে তাঁকে। সীতা হয়েছেন সাই পল্লবী। রাবণের চরিত্রে যশ। ছবিটি ২০২৬ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালের দীপাবলিতে।
সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এও আছেন রণবীর। এই ছবিতে আবারও আলিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তাঁদের সঙ্গে আছেন ভিকি কৌশল।
এ ছাড়া আছে ‘অ্যানিমেল পার্ক’। ২০২৩ সালের ‘অ্যানিমেল’ ছবির পরের কিস্তি এটি। পরিচালনায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
আয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’-এর দ্বিতীয় কিস্তিতেও দেখা যাবে রণবীরকে।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে