বলিউডের দুই নায়িকার ‘ঝগড়া’, নেপথ্যে কী

ইয়ামি গৌতম ও কৃতি শ্যানন। কোলাজ

কৃতি শ্যানন বনাম ইয়ামি গৌতম। এবার কি এই দুই অভিনেত্রীর মধ্যে বিবাদ শুরু হলো? কী এমন ঘটেছে? নানা জল্পনা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ খুলেছেন ইয়ামি নিজেই, দিয়েছেন দীর্ঘ বিবৃতি। কয়েক দিন ধরে হিন্দি সিনেমার আলোচিত দুই নায়িকার অঘোষিত লড়াই নিয়ে উত্তাল ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু কী নিয়ে তাঁদের বিবাদ?

সম্প্রতি মুম্বাইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন কৃতি শ্যানন। ‘তেরে ইশ্ক মেঁ’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন তিনি। মনোনয়নে ‘হক’ ছবির জন্য ছিল ইয়ামির নামও। কৃতি পুরস্কার পাওয়ার পরে বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি পোস্টে বলা হয়, এ পুরস্কারের যোগ্য আসলে ইয়ামি। কৃতির নাকি এই পুরস্কার প্রাপ্য নয়। দেখা যায়, এই পোস্টে ‘লাইক’ করেছেন স্বয়ং ইয়ামি। এরপরই প্রশ্ন উঠতে থাকে, ইয়ামি ও কৃতির মধ্যে কি তাহলে নিঃশব্দ লড়াই শুরু হলো?

‘হক’ সিনেমায় ইয়ামি গৌতম। আইএমডিবি

এর কিছুক্ষণের মধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন ইয়ামি। তাঁর দাবি, তিনি ভুল করেই পোস্টটি ‘লাইক’ করেছিলেন। অভিনেত্রী লিখেছেন, ‘আমার নজরে এসেছে, অন্য এক অভিনেতাকে ছোট করে করা একটি পোস্টে আমি কোনওভাবে “লাইক” করেছি। প্রতিদিন অজস্র পোস্টে আমাদের ট্যাগ করা হয়। এই পোস্টও তেমনভাবেই সামনে এসেছিল। আমি ইচ্ছা করে “লাইক” করিনি। হয়তো ভুল করে ক্লিক হয়ে গিয়েছে।’

আরও পড়ুন

এখানেই শেষ নয়। ইয়ামি আরও লেখেন, ‘জীবনে কখনো আমি সস্তা প্রচারকৌশলের আশ্রয় নিইনি। আমি সব সময় নিজের কাজে মন দিয়েছি এবং এগিয়ে গিয়েছি। এখন সামাজিক যোগাযোগমাধ্যম এগুলো নিয়ে গুজব তৈরি করে। তবে আমি আশা করি, মানুষ বুঝবেন। আমার কোনো পিআর টিম নেই। বিনোদনজগতের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে আমার অবস্থান আমি অনেক আগেই পরিষ্কার করেছি, আর আমি এখনো নিজের কাজেই মন দিচ্ছি।’

‘তেরে ইশ্ক মেঁ’ সিনেমায় কৃতি ও ধানুশ। এক্স থেকে

নিজের অবস্থান পরিষ্কার করে পোস্ট দিলেও পরিস্থিতি এখনো শান্ত হয়নি, দুই নায়িকার ভক্তরা পক্ষে–বিপক্ষে লিখে যাচ্ছেন অন্তর্জালে। তবে কৃতি শ্যানন এখনো নীরবতা বজায় রেখেছেন; তাঁর পুরস্কারপ্রাপ্তি নিয়ে এত কিছু হয়ে গেলেও টুঁ শব্দ করেননি অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে