শাহরুখ খান নন, ফ্রান্সের প্রেসিডেন্টের পছন্দের বলিউড অভিনেতা কে
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানালেন তাঁর প্রিয় বলিউড অভিনেতার নাম। অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি শাহরুখ খানের নাম নেবেন। কিন্তু চমকে দিয়ে মাখোঁ বেছে নিলেন অনিল কাপুরকে।
ভারত সফরে ফার্স্ট লেডি ব্রিজিত মাখোঁকে সঙ্গে নিয়ে মুম্বাই ও নয়াদিল্লি সফর করেন ফরাসি প্রেসিডেন্ট। সফরের অংশ হিসেবে তিনি অংশ নেন এআই ইমপ্যাক্ট সামিটেও। ভারত ও ফ্রান্স যৌথভাবে প্রযুক্তি, উদ্ভাবন ও বিজ্ঞানভিত্তিক অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে কাজ করছে, যা ‘হরাইজন ২০৪৭’ রোডম্যাপের গুরুত্বপূর্ণ অংশ।
তবে কূটনৈতিক বৈঠকের পাশাপাশি বলিউড তারকাদের সঙ্গে তাঁর আন্তরিক সাক্ষাৎ আলাদা করে নজর কাড়ে।
র্যাপিড-ফায়ারে মাখোঁর জবাব
এক অনানুষ্ঠানিক পর্বে তাঁকে জিজ্ঞেস করা হয়, তাঁর প্রিয় বলিউড অভিনেতা কে? উত্তরে মাখোঁ বলেন, ‘গতকাল আমি “জয় হো”বলেছিলাম, তাই বলব—অনিল কাপুর।’ ‘জয় হো’ শব্দবন্ধটি জনপ্রিয়তা পায় অস্কারজয়ী ছবি ‘স্লামগড মিলিওনিয়ার’-এর মাধ্যমে, যেখানে অনিল কাপুর গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন।
মাখোঁ তাঁর ইনস্টাগ্রামে ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। ফরাসি ভাষায় তিনি লেখেন, ‘ভারতীয় সিনেমার কিংবদন্তিদের পাশে। সংস্কৃতি আমাদের এক করে।’ ছবিতে দেখা যায় অনিল কাপুরের পাশাপাশি মনোজ বাজপেয়ী, জোয়া আখতার, রিচা চাড্ডা, শাবানা আজমি, রিকি কেজদের।
পরে অনিল কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর সহধর্মিণীর সঙ্গে দারুণ এক বিকেল কাটালাম। সিনেমা, সংস্কৃতি এবং ভারত-ফ্রান্সের সেতুবন্ধ নিয়ে কথা হলো। ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘ হোক, আরও অনেক গল্প বলা বাকি।’
ইন্ডিয়াডটকম অবলম্বনে