সম্পর্কের গুঞ্জনের মধ্যেই একসঙ্গে বিজয়-তৃষা, দেহরক্ষীর রহস্যময় পোস্ট

বিচ্ছেদের আলোচনার মধ্যে এক বিয়ের আয়োজনে একসঙ্গে দেখা যায় বিজয়-তৃষাকেছবি: ভিডিও থেকে

দক্ষিণি তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সঙ্গে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। বিচ্ছেদের আবেদনে সংগীতা দাবি করেছেন, এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। অভিযোগের তির দক্ষিণি অভিনেত্রী তৃষা কৃষ্ণনের দিকে। বিচ্ছেদের আলোচনার মধ্যে গতকাল এক বিয়ের আয়োজনে একসঙ্গে দেখা যায় বিজয়-তৃষাকে, যা তাঁদের সম্পর্ককে ঘিরে নতুন গুঞ্জন উসকে দিয়েছে। তবে এদিন তাঁদের প্রকাশ্য উপস্থিতির কয়েক ঘণ্টা আগে বিজয়ের দেহরক্ষীর রহস্যময় ইনস্টাগ্রাম বার্তা, গুজবকে আরও জোরালো করেছে।

বিজয় ও তৃষা কৃষ্ণান
ছবি : সংগৃহীত

কী আছে পোস্টে
বিয়ের আয়োজনে একসঙ্গে প্রবেশ করতে দেখা যায় দুই তারকাকে। এর কিছুক্ষণ আগে বিজয়ের দেহরক্ষী অরুণ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘সব গুজবকে পেছনে ফেলার সময়।’ পরে তিনি সেই পোস্ট মুছে ফেলেন। তার আরেকটি পোস্টে বিজয়কে হার্ট সাইন করতে দেখা যায় এবং যার ব্যাকগ্রাউন্ডে ২০০৪ সালের বিজয়-তৃষার ব্লকবাস্টার সিনেমা ‘ঘিলি’–এর গান ‘কোক্কারাক্কো’ বাজছিল। এটিকে বিজয়-তৃষার সম্পর্কের সূক্ষ্ম ইঙ্গিত বলে মনে করছেন ভক্তরা।

বিচ্ছেদের আবেদনে যা অভিযোগ
এর আগে সংগীতার করা একটি বিবাহবিচ্ছেদের আবেদনপত্রের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে দাবি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সেখানে তিনি অভিযোগ করেছেন, ২০২১ সালের এপ্রিল মাসে বিজয়ের এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে পারেন তিনি।
সংগীতার দাবি, বিজয় সম্পর্ক শেষ করার আশ্বাস দিলেও তা নাকি বজায় রাখেননি। ফলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। এমনকি ব্যক্তিগত স্বাধীনতা ও আর্থিক নিরাপত্তা নিয়েও তিনি সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
আবেদনপত্রে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট অভিনেত্রীর সঙ্গে বিজয়ের প্রকাশ্যে উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ—এসব কারণে সংগীতা ও তাঁদের সন্তানেরা অপমানিত বোধ করেছেন।

স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমর সঙ্গে থালাপতি বিজয়
ছবি: এক্স

দাম্পত্যের পটভূমি
১৯৯৯ সালের ২৫ আগস্ট বিজয় ও সংগীতার বিয়ে হয়। সংগীতা শ্রীলঙ্কান তামিল এবং লন্ডনভিত্তিক এক উদ্যোক্তার কন্যা। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের সংসারে তাঁদের দুই সন্তান রয়েছে। ছেলে জেসন সঞ্জয় শিগগিরই তামিল সিনেমায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।


এনডিটিভি অবলম্বনে