দুবাই থেকে ফিরে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার জেরে উপসাগরীয় অঞ্চলে যখন অনিশ্চয়তা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে, সে সময় সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। কয়েক ঘণ্টার উৎকণ্ঠা, বিভ্রান্তি ও আতঙ্কের পর অবশেষে নিরাপদে ভারতে ফিরেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এশা জানান, পরিস্থিতি ছিল ভীষণ কঠিন ও খুব ভয়ংকর। তিনি লেখেন, ‘বাড়ি ফিরেছি। সবার প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ। আমরা যে পরিস্থিতিতে ছিলাম, তা খুবই কঠিন ছিল। ঈশ্বরের কৃপায় নিরাপদে ফিরতে পেরেছি।’
এশা জানান, গত রোববার দুপুরে বিমানবন্দরে পৌঁছান তিনি। বেলা একটার দিকে আচমকাই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। কেউই বুঝতে পারছিলেন না, কী ঘটেছে। কিছুক্ষণ পর ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
‘কেউ জানত না পরের মুহূর্তে কী হবে। অচেনা মানুষ একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল, সবাই নিজের দেশের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল’, লেখেন অভিনেত্রী।
সে সময় এশা ছিলেন আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে। এশার ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরের কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন এবং পুরো সময় শান্ত ও দায়িত্বশীল আচরণ করেন। তাঁদের পেশাদারত্বের প্রশংসা করেন অভিনেত্রী।
এশা তখনো চেক ইন করেননি। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সেখান থেকে ফিরে আবুধাবির একটি হোটেলে আশ্রয় নেন। পরে সেখানে অন্য যাত্রীদের কাছ থেকেও একই ধরনের আতঙ্ক ও বিভ্রান্তির অভিজ্ঞতার কথা শোনেন।
কয়েক ঘণ্টার অনিশ্চয়তার পর পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফেরেন এশা গুপ্তা। তাঁর কথায়, এই অভিজ্ঞতা ছিল ভয়াবহ, তবে একই সঙ্গে মানুষের সহমর্মিতা ও সংহতির এক অনন্য উদাহরণও দেখেছেন তিনি।
সংকটের সময় অচেনা মানুষের পাশে দাঁড়ানো ও কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।
ইন্ডিয়া টুডে অবলম্বনে