৩০ হাজার টাকায় অ্যাওয়ার্ড কিনেছিলেন ঋষি কাপুর!

ঋষি কাপুরইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র তিন বছর বয়সে তাঁর সিনেমাজগতে যাত্রা। রাজ কাপুর আর নার্গিস ছাতা মাথায় ‘প্যায়ার হুয়া, ইকরার হুয়া’ গানটি গাইতে গাইতে রাস্তা ধরে চলেছেন আর পাশ দিয়ে হাতে হাত রেখে চলে গেল রেইনকোট পরা তিনটি শিশু। এই তিনজনের একজন তিনি—ঋষি কাপুর। বাবার সঙ্গে শুটিং দেখতে এসেছিলেন ছোট্ট ঋষি। ১৯৫৫ সালে নার্গিস তাঁকে চকলেটের লোভ দেখিয়ে ওই দৃশ্য করিয়ে নিয়েছিলেন। ১৯৭০ সালে মুক্তি পায় বাবা রাজ কাপুরের পরিচালনা ও প্রযোজনায় ঋষি কাপুর অভিনীত প্রথম ছবি ‘মেরে নাম জোকার’। প্রথম ছবিতেই শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ঋষি।

মাত্র তিন বছর বয়সে ঋষি কাপুরের সিনেমাজগতে যাত্রা

অবশ্য কাপুর পরিবারের সন্তান, অভিনেতা হওয়া ছিল স্বাভাবিক গন্তব্য। কিন্তু যোগ্য কতটা, সেটা প্রমাণ করেছিলেন ১৯৭৩ সালে, সে বছর ‘ববি’ সিনেমায়-তে জন্ম হয়েছিল বলিউডের নতুন প্রজন্মের এক নায়কের। ক্যারিয়ারের শুরুতেই যিনি ফিল্মফেয়ার সেরা অভিনেতা ও ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে সম্মানিত হন, তিনি যে এ জগতে প্রতিষ্ঠা পাবেন, তা অবশ্যম্ভাবী ছিল।

একজীবনে তাঁর পুরস্কারের ভান্ডার বেশ সমৃদ্ধ ছিল। ফিল্মফেয়ার থেকে, আজীবন সম্মাননা—সবই পেয়েছেন। তবে একটিমাত্র পুরস্কারের জন্য তিনি বিব্রত ও হতাশ ছিলেন। তিনি নাকি নিজেই টাকা দিয়েছিলেন, জানেন? সেটি কোন ছবির জন্য, আর কোন পুরস্কার?

সিনেমার দৃশ্যে ঋষি কাপুর। ছবি: সংগৃহীত

১৯৭৩ সালে মুক্তি পেল কিশোর প্রেমের ওপর নির্মিত প্রধান চরিত্রে ঋষি কাপুর অভিনীত প্রথম ছবি ‘ববি’। সঙ্গী ছিলেন ডিম্পল কাপাডিয়া। এই ছবিরও পরিচালক ছিলেন ঋষি কাপুরের বাবা রাজ কাপুর। এই ছবি দিয়েই হিরোর চরিত্রে যাত্রা হয়েছিল তার। আর এই ছবির জন্যই যে ফিল্মফেয়ার পুরস্কার, সেটি নাকি তিনি কিনেছিলেন! বেশ কিছু বছর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার এটা করা উচিত ছিল না, কিন্তু আমি করেছিলাম। ‘ববি’ ছবির যে পুরস্কার, সেটি ৩০ হাজার টাকার বিনিময়ে আমি কিনেছিলাম। তখন ৩০ হাজার টাকা অনেক ছিল। এখন তো শোয়ের টিকিটও হবে না এই টাকায়।’ সূত্র ইন্ডিয়ার এক্সপ্রেস।

‘ববি’ ছবির জন্যই ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পান তিনি। সেই অ্যাওয়ার্ড কিনে তো নিয়েছিলেন, কিন্তু পরে নিজের ওপর বিরক্ত হয়েছিল প্রচুর। গতকাল ছিল তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী। দুই বছরেরও বেশি সময় ধরে বোনম্যারো ক্যানসারে ভুগছিলেন ঋষি কাপুর।

১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর প্রখ্যাত বলিউড অভিনেতা ও পরিচালক রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের ঘরে জন্ম নেন ঋষি কাপুর।

০২০ সালের ৩০ এপ্রিল সকাল ৮টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষবারের মতো শ্বাস নেন ঋষি কাপুর।

তখন তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁকে স্মরণ করে মেয়ে রিধীমা থেকে স্ত্রী নীতু অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণা করেছেন। ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর প্রখ্যাত বলিউড অভিনেতা ও পরিচালক রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের ঘরে জন্ম নেন ঋষি কাপুর। ১৯৭০ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫০ বছরে ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

মা নিতু সিং (বাঁয়ে) ও বাবা ঋষি কাপুরের সঙ্গে রণবীর কাপুর (মাঝে)