প্রতি সিনেমার পরেই কেন মহেশ ভাটকে ২৫ হাজার রুপি দেন অনুপম

মহেশ ভাটকে টাকা দিচ্ছেন অনুপম। এক্স থেকে

ক্যারিয়ারের চার শর বেশি সিনেমায় অভিনয় করেছেন অনুমপ খের। তবে প্রতি সিনেমার পর একটি বিশেষ নিয়ম মেনে চলেন এই অভিনেতা। সিনেমা শেষ করেই নির্মাতা ও প্রযোজক মহেশ ভাটকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের প্রথম সুযোগ করে দেওয়া মানুষটিকে আজও ভুলে যাননি তিনি। আর সেই কারণেই এখনো প্রতি ছবির পর তিনি টাকা দেন তাঁর গুরু, পরিচালক মহেশ ভাটকে।

শুরুটা ‘সারাংশ’ থেকে। ১৯৮০–এর দশকে ‘সারাংশ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অনুপম খের। ছবিটির পরিচালক ছিলেন মহেশ ভাট। এই ছবিই তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। প্রথম ছবিতেই তিনি নজর কাড়েন—একজন বয়স্ক মানুষের চরিত্রে অসাধারণ অভিনয় করে।

‘সারাংশ’ সিনেমার পোস্টার। এক্স থেকে

অনুপম খের জানান, প্রতিটি ছবিতে অভিনয়ের পর তিনি ২৫ হাজার রুপি করে দেন মহেশ ভাটকে। এটি কোনো চুক্তি নয়—এটি তাঁর নিজের তৈরি একটি ‘রীতি’। তিনি বলেন, এই প্রথা শুরু হয়েছিল খুব সামান্য অর্থ দিয়ে—প্রথমে ছিল মাত্র ২৫০ বা ৫০০ রুপি। সময়ের সঙ্গে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজারে।
মজা করে অনুপম খের বলেন, ‘মুদ্রাস্ফীতির কারণে এই অঙ্ক বেড়েছে।’

সিনেমা শেষ করেই নির্মাতা ও প্রযোজক মহেশ ভাটকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেন অনুপম। এক্স থেকে

এই অর্থ দেওয়া আসলে কোনো পারিশ্রমিক নয়। বরং এটি কৃতজ্ঞতার এক প্রতীক—একজন নবাগত অভিনেতাকে সুযোগ দেওয়ার জন্য তাঁর পরিচালকের প্রতি সম্মান। বলিউডে যেখানে সম্পর্ক অনেক সময়ই পেশাদার সীমারেখায় আটকে থাকে, সেখানে এই গল্পটা অন্য রকম।

আরও পড়ুন

এই সাক্ষাৎকারে উঠে আসে ‘সারাংশ’ সিনেমার সম্ভাব্য সিক্যুয়েলের কথাও। অনুপম খের জানান, তিনি একটি অ্যাকশনধর্মী ‘সারাংশ ২’ করতে চান। তিনি বলেন, ‘আমি অ্যাকশন করতে চাই। এমন একটি চরিত্র করতে চাই, যে মানুষকে বাঁচায়—অনেকটা হলিউড সিনেমা “টেকেন”–এর মতো।’

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে