সেই সিনেমা দেখে কান্নায় স্ত্রীর ওড়না নষ্ট করেছিলেন আমির
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জানিয়েছেন, রোমান্টিক সিনেমা তাঁকে সহজেই আবেগাপ্লুত করে তোলে। রেডিও মির্চিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভিন্ন এক দিক তুলে ধরেন। সেখানেই জানান, প্রেমের গল্পভিত্তিক ছবির সঙ্গে গভীরভাবে আবেগগত সংযোগ অনুভব করেন, এমনকি এ ধরনের সিনেমা দেখতে গিয়ে প্রায়ই কেঁদে ফেলেন তিনি।
সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমি রোমান্সের ভক্ত। রোমান্টিক সিনেমা আমার ভীষণ পছন্দ। এ ধরনের ছবি দেখতে গিয়ে আমি অনেক কাঁদি। আমি এমনিতেই একটু আবেগপ্রবণ।’
এ প্রসঙ্গে করণ জোহরের প্রথম চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর একটি স্মৃতি তুলে ধরেন আমির। ছবিটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল ও রানী মুখার্জি। আমির জানান, তিনি সাবেক স্ত্রী রিনা দত্তকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের রাজকমল থিয়েটারে ছবিটি দেখতে গিয়েছিলেন। সিনেমার আবেগঘন মুহূর্তগুলো তাঁকে এতটাই নাড়া দিয়েছিল যে বারবার কেঁদে ফেলছিলেন।
আমির খান বলেন, ছবির বিভিন্ন দৃশ্যে তাঁর চোখে পানি চলে আসছিল এবং তা মুছতে গিয়ে রিনার ওড়নাই ব্যবহার করছিলেন। তিনি হাস্যরসের সুরে জানান, রিনার ওই ওড়নায় জরির কাজ ছিল, যা বারবার চোখের পানি মুছতে গিয়ে কিছুটা নষ্ট হয়ে যায়। ছোট এই ঘটনা তাঁর কাছে আজও স্মরণীয় হয়ে আছে।
সবশেষ ‘সিতারে জমিন পার’ ছবিতে দেখা গেছে আমির খানকে। ছবিতে তিনি এক বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করেছেন।
এনডিটিভি অবলম্বনে