এই বলিউড অভিনেতাকে নিলে সুপারহিরো ছবির খরচ কমে যেত
সুপারহিরো ছবি তাঁর দারুণ পছন্দের। বড় হয়েছেন ‘স্পাইডারম্যান’-এর ছবি দেখে। বড় হওয়ার পর বলিউডের অ্যাকশন হিরো হিসেবে পরিচিতি পেয়েছেন টাইগার শ্রফ। ২০১৭ সালে সুযোগ পান ‘স্পাইডারম্যান’ ছবিতে কাজ করার। না, অভিনয় নয়, টাইগার তখন ‘স্পাইডারম্যান : হোমকামিং’-এর হিন্দি সংস্করণে স্পাইডারম্যান চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। তখন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কোনো না কোনোভাবে স্পাইডারম্যান ছবির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি দারুণ খুশি। ভবিষ্যতে স্বপ্ন দেখেন স্পাইডারম্যান চরিত্রে অভিনয়ের। টাইগার শ্রফের সঙ্গে স্পাইডারম্যানের যোগ এ পর্যন্তই জানা ছিল।
তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নতুন খবর জানালেন—স্পাইডারম্যান চরিত্রে অভিনয়ের জন্য অডিশনও দিয়েছিলেন তিনি। কিন্তু এই অ্যাকশন হিরোর স্বপ্নপূরণ হতে হতেও হয়নি।
টাইগার বলেন, ‘স্পাইডারম্যান চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলাম। আমার কাজের নমুনা নির্মাতাদের পাঠিয়েছিলাম। সেগুলো তাদের ভালোও লেগেছিল।’ টাইগার আরও বলেন, স্পাইডারম্যান চরিত্রে তিনি প্রায় চূড়ান্ত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়। তিনি মার্ভেল নির্মাতাদের বলেছিলেন, স্পাইডারম্যান চরিত্রে তাঁকে নিলে, সব স্ট্যান্ট তিনি নিজেই করবেন। আলাদা ভিএফএক্সের ব্যবহার করতে হবে না। এতে করে অনেক টাকা সাশ্রয় হবে।
এর আগে হলিউডে বিভিন্ন প্রজেক্টে অডিশনের কথা বললেও এবারই প্রথম সুপারহিরো চরিত্রে অডিশন দেওয়ার কথা বললেন টাইগার। এ ছাড়া তিনি জানান, হলিউডের অনেকের সঙ্গে অ্যাকশন দৃশ্য নিয়ে আলোচনা করেছেন। তাঁরা টাইগারের অ্যাকশনের প্রশংসাও করেছেন। টাইগার মনে করেন, বর্তমানে হলিউডে ভালো অ্যাকশন হিরোর অভাব রয়েছে। জ্যাকি চ্যানের পর আর কোনো ভালো অ্যাকশন হিরো পায়নি হলিউড। তাই অ্যাকশন দিয়ে ব্রুস লি, জ্যাকি চ্যানের মতো জনপ্রিয় অ্যাকশন হিরো হতে চান।
স্পাইডারম্যান হতে না পারলেও ২০১৬ সালে হিন্দি ছবি ‘আ ফ্লাইং জাট’-এ দেশি সুপারহিরোর চরিত্রে অভিনয় করেছেন। টাইগার শ্রফকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘হিরোপান্তি টু’ ছবিতে। সামনে তাঁকে দেখা যাবে ‘গণপথ’ ছবিতে।