শাহরুখ বা আমির নন, সবচেয়ে বেশি ১০০ কোটির সিনেমা দিয়েছেন কে
অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ বক্স অফিসে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে ১০০ কোটির ক্লাবে অক্ষয়ের আরও একটি সিনেমা। আসুন জেনে নেওয়া যাক, ভারতের এমন ৫ অভিনেতা সম্পর্কে, যাঁরা সবচেয়ে বেশি ১০০ কোটির সিনেমা দিয়েছেন।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গজনি’ ছিল আমির খানের এমন একটি ছবি, যা প্রথমবারের মতো ভারতীয় বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা করে। এর মাধ্যমেই বলিউডে ‘১০০ কোটির ক্লাব’-এর সূচনা হয়। এরপর একাধিক ছবি মুক্তি পায়, যেগুলো এই ক্লাবে নিজেদের জায়গা করে নেয়। সম্প্রতি মাত্র ১০ দিনের মধ্যেই ‘ভূত বাংলা’ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ফলে অক্ষয় কুমার আবারও একটি ১০০ কোটির ছবির অংশ হলেন। চলুন জেনে নেওয়া যাক, কোন ৫ অভিনেতার ঝুলিতে সবচেয়ে বেশি ১০০ কোটির ছবি রয়েছে।
অক্ষয় কুমার
এ তালিকার শীর্ষে রয়েছেন ‘খিলাড়ি’। অক্ষয় কুমার ভারতের প্রথম অভিনেতা হয়ে উঠেছেন, ‘ভূত বাংলা’ (১০ দিনে ১১৩ দশমিক ৪০ কোটি রুপি)-সহ যার ২০টি ছবি ১০০ কোটির ক্লাবে রয়েছে। তিনি প্রথম এই ক্লাবে প্রবেশ করেন ‘হাউসফুল ২’ ছবির মাধ্যমে, যা ২০১২ সালে মুক্তি পেয়েছিল।
১০০ কোটির ক্লাবে অক্ষয়ের উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘হাউসফুল ২’, ‘রাউডি রাঠোর’, ‘হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি’, ‘এয়ারলিফট’, ‘হাউসফুল ৩’, ‘গুড নিউজ’ ইত্যাদি।
সালমান খান
বক্স অফিসে সবচেয়ে বেশি ১০০ কোটি রুপির ছবির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন সালমান খান। তাঁর ঝুলিতে রয়েছে ১৮টি ১০০ কোটির ছবি। এর মধ্যে রয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়, ‘বজরঙ্গি ভাইজান, ‘সুলতান’, ‘টাইগার ৩’, ‘কিক’, ‘ভারত’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘এক থা টাইগার’, ‘রেস ৩’, ‘দাবাং ২’, ‘বডিগার্ড’, ‘দাবাং ৩’, ‘দাবাং’, ‘রেডি’, ‘টিউবলাইট’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ইত্যাদি।
অজয় দেবগন
তৃতীয় স্থানে রয়েছেন অজয় দেবগন। তাঁর ১৬টি ছবি ১০০ কোটির ক্লাবে রয়েছে। এর মধ্যে রয়েছে ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’, ‘দৃশ্যম ২’, ‘গোলমাল এগেইন’, ‘সিংহম এগেইন’, ‘টোটাল ধামাল’, ‘শয়তান’ ইত্যাদি।
শাহরুখ খান
চতুর্থ স্থানে রয়েছেন শাহরুখ খান। তাঁর ১০টি ছবি ১০০ কোটির ক্লাবে রয়েছে। এ তালিকায় রয়েছে ‘জওয়ান, ‘পাঠান, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ডানকি’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘রইস’, ‘দিলওয়ালে’, ‘রা.ওয়ান’, ‘যব তাক হ্যায় জান’ ও ‘ডন ২’।
রণবীর সিং
পঞ্চম স্থানে রয়েছেন রণবীর সিং। তাঁর ক্যারিয়ারে মোট ৯টি ছবি ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। এ তালিকায় রয়েছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’, ‘ধুরন্ধর’, ‘পদ্মাবত’, ‘সিম্বা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘গল্লি বয়’, ‘৮৩’, ‘গলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে