বিয়ের ২৭ বছর পর কাজল বললেন, দুজনেরই মেডেল ও ট্রফি প্রাপ্য
দাম্পত্যের ২৭ বছর পূর্ণ করলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি কাজল ও অজয় দেবগন। আজ ২৪ ফেব্রুয়ারি ছিল তাঁদের বিবাহবার্ষিকী। বিশেষ দিনটি উদ্যাপন করতে কাজল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন একটি অপ্রকাশিত ছবি এবং লিখেছেন রসিকতাভরা, হৃদয়ছোঁয়া বার্তা।
কাজলের ভাষায়, ‘এক বিরল মুহূর্তে আমরা দুজনেই একমত হয়েছি যে আমাদের দুজনেরই একটি মেডেল আর একটি ট্রফি প্রাপ্য!’ দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য পথচলাকে এমন মজার ছলে স্বীকৃতি দিয়েছেন তিনি।
শেয়ার করা ছবিতে দেখা যায়, সবুজাভ পটভূমির সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছেন দুজন। অজয় দেবগন গাঢ় কালো স্যুট, সাদা শার্ট ও চশমায় চিরচেনা সংযত লুকে; আর কাজল গাঢ় মেরুন শাড়িতে, গলায় চোকার হার ও পরিপাটি পনিটেইল চুলে অনায়াসে উজ্জ্বল। একে অপরের দিকে তাকিয়ে তাঁদের উষ্ণ হাসি যেন ২৭ বছরের বন্ধনের সাক্ষ্য দিচ্ছে।
নব্বইয়ের দশকের মাঝামাঝি, ১৯৯৫ সালে ‘হালচাল’ ছবির শুটিং সেটে প্রথম দেখা। সেখান থেকেই শুরু বন্ধুত্ব, পরে প্রেম। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঘর বাঁধেন তাঁরা। দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবন সমানতালে সামলে চলেছেন এই তারকা দম্পতি। তাঁদের দুই সন্তান—নিসা ও যুগ।
ক্যারিয়ারের দিক থেকেও দুজনই ব্যস্ত। অজয় দেবগনকে সর্বশেষ দেখা গেছে ‘দে দে পেয়ার দে ২’ ছবিতে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ধামাল ৪’, যা পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। ছবিতে আরও রয়েছেন রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি ও জাভেদ জাফরিসহ আরও অনেকে।
অন্যদিকে কাজলকে সর্বশেষ দেখা গেছে ‘সারজমিন’ ছবিতে। এর আগে ‘মা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।
দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যে মতভেদ, ব্যস্ততা, সাফল্য ও চ্যালেঞ্জ—সবই ছিল। তবু তাঁদের রসিকতা, পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধুত্বই যেন সম্পর্কটিকে টিকিয়ে রেখেছে সময়ের পরীক্ষায়। কাজলের কথার সেই ‘মেডেল আর ট্রফি’—হয়তো প্রতীকী; কিন্তু ভক্তদের চোখে এই জুটির অর্জন তার চেয়েও অনেক বড়।
ইন্ডিয়া টুডে অবলম্বনে