বিজয় ঝড় চলছেই, ৭ দিনে কত আয় করল মুখ্যমন্ত্রীর শেষ সিনেমা

‘জন নায়গন’–এ বিজয়। এক্স থেকে

তামিল তারকা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের বিদায়ী ছবি ‘জন নায়াগন’ মুক্তির প্রথম সপ্তাহ শেষ করেছে বিশ্বব্যাপী ২৫৫ কোটি রুপির বেশি আয় নিয়ে। সপ্তাহের মাঝামাঝি সময়ে স্বাভাবিকভাবেই আয়ে কিছুটা ভাটা পড়লেও দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ছবিটি স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে।

শিল্প–সংশ্লিষ্ট ট্র্যাকার স্যাকনিলকের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে (বুধবার) ভারতে ছবিটি আনুমানিক ৬ কোটি ১০ লাখ রুপি আয় করেছে। এর ফলে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৫০ লাখ রুপি। একই সময়ে ভারতের গ্রস আয় ১৭৪ কোটি ৬৩ লাখ রুপিতে পৌঁছেছে। সব মিলিয়ে প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী ছবিটির আয় প্রায় ২৫৫ কোটি রুপি।

সপ্তম দিনের আয়ে সবচেয়ে বড় অবদান রেখেছে তামিল সংস্করণ। এদিন তামিল ভাষায় ছবিটি আয় করেছে ৪ কোটি ৬০ লাখ রুপি। হিন্দি সংস্করণ থেকে এসেছে ১ কোটি রুপি এবং তেলেগু সংস্করণ থেকে ৫০ লাখ রুপি।

তবে ষষ্ঠ দিনের তুলনায় সপ্তম দিনে আয় কমেছে। মঙ্গলবার ছবিটি ভারতে ৮ কোটি রুপি নেট আয় করেছিল। সপ্তাহের মাঝামাঝি সময়ে দর্শকসংখ্যা কমে যাওয়ায় এই পতনকে স্বাভাবিক প্রবণতা হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন

বর্তমানে সারা ভারতে ১০ হাজার ৩৫৯টি শোতে চলছে ‘জন নায়াগন’। গত বুধবার তামিল সংস্করণের সামগ্রিক আসন দখলের হার ছিল ২০.৭৫ শতাংশ। এর মধ্যে সকালবেলার শোতে ১৬.৬২ শতাংশ, দুপুরে ১৯.২৩ শতাংশ, সন্ধ্যায় ২৪.৩৮ শতাংশ এবং রাতের শোতে ২২.৭৭ শতাংশ আসন পূর্ণ ছিল।

এই রাজনৈতিক অ্যাকশনধর্মী ছবিটি পরিচালনা করেছেন এইচ. ভিনোথ। কেভিএন প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণা। বিজয়ের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিথা বাইজু, নাসার, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন ও প্রিয়ামণি।

‘জন নায়গন’–এ বিজয়। এক্স থেকে

পূর্ণকালীন রাজনৈতিক জীবনে মনোযোগ দেওয়ার আগে এটিকেই বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে প্রচার করা হয়েছে। প্রথম সপ্তাহে ২৫৫ কোটির মাইলফলক স্পর্শ করার পর এখন দ্বিতীয় সপ্তাহান্তে ছবিটির আয় কতটা বাড়ে, সেদিকেই নজর বক্স অফিস বিশ্লেষকদের।

ইন্ডিয়া টুডে অবলম্বনে