অস্কারজয়ী নির্মাতার বিরুদ্ধে ২ কোটি রুপির আইনি নোটিশ ‘মাহুত দম্পতি’র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার হাতে গল্পটা বোম্যান ও বেলি
ইনস্টাগ্রাম

তামিলনাড়ুর ধরমপুরিতে অনাথ হস্তীশাবক রঘু-বোম্মিকে বড় করে তোলা বোম্মান ও তাঁর স্ত্রী বেলির গল্প নিয়ে নির্মিত হয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তথ্যচিত্রটি প্রচারের পর বোম্মান ও তাঁর স্ত্রী বেলি পরিচিতি পান ‘মাহুত দম্পতি’ হিসেবে। চলতি বছর ভারত থেকে অস্কার জেতে তথ্যচিত্রটি। এরপর বোম্মান ও তাঁর স্ত্রী বেলি সারা দুনিয়াতেই পরিচিতি পান।

আরও পড়ুন

এবার তথ্যচিত্রটির নির্মাতা কার্তিকি গনসালভেসের বিরুদ্ধে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ আনলেন বোম্মান ও বেলি। নির্মাতাদের বিরুদ্ধে দুই কোটি রুপি চেয়ে আইনি নোটিশ দিয়েছেন তাঁরা। খবর হিন্দুস্তান টাইমসের

আইনি নোটিশে বলা হয়েছে, নির্মাতারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর্থিক সুবিধা পেয়েছেন। এ ছাড়া তথ্যচিত্র নির্মাণের সময় মাহুত দম্পতিকে দেওয়া প্রতিশ্রুতিও ভঙ্গ করেছেন নির্মাতারা।

‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর দৃশ্য
আইএমডিবি থেকে নেওয়া

আইনি নোটিশে বলা হয়, নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তথ্যচিত্র নির্মাণের জন্য মাহুত দম্পতির যে সময় ব্যয় হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবে একটি উপযুক্ত বাড়ি, বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এমন যানবাহন এবং পর্যাপ্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে মাহুত দম্পতির দাবি, এর কিছুই পাননি তাঁরা। এমনকি ছবিটি বিপুল লাভ করার পরও তাঁরা তাঁদের কোনো টাকা দিতে রাজি নন বলে অভিযোগ তাঁদের।

বোম্মান ও তাঁর স্ত্রী বেলির আইনজীবী মোহাম্মদ মনসুর বলেন, তাঁরা তথ্যচিত্রটির প্রযোজনা সংস্থা শিখা এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আইনি নোটিশের জবাব পেয়েছেন। যেখানে প্রযোজনা সংস্থাটি দাবি করেছে, তারা মাহুত দম্পতিকে যা অর্থ দেওয়ার, সেটা আগেই দিয়েছে, আর কোনো সাহায্য তারা করতে পারবে না। আইনজীবী আরও জানান, বোম্মান ও বেলির সঙ্গে আলোচনা করে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।

এদিকে শিখা এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হাতি সংরক্ষণের বিষয়টি সম্পর্কে সচেতন করতেই ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ তৈরি করা হয়। তাতে বোম্মান-বেলি ও বন বিভাগের অবদান অনস্বীকার্য।