১২ ঘণ্টায় ৪০ হাজারের বেশি টিকিট বিক্রি, মুক্তির আগেই কোটি
অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডনসহ বলিউডের একঝাঁক তারকাকে নিয়ে নির্মিত কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আজ ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এটি। প্রায় ১৮ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। ছবিটি পরিচালনা করেছেন আহমেদ খান এবং প্রযোজনা করেছেন ফিরোজ এ নাদিয়াদওয়ালা। মুক্তির আগে বৃহস্পতিবার বিশেষ ‘পেইড প্রিভিউ’ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
১২ ঘণ্টায় ৪০ হাজারের বেশি
প্রাথমিক বক্স অফিস তথ্য অনুযায়ী, ছবিটি মুক্তির প্রথম দিন ভালো সূচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর অগ্রিম বুকিংয়ের জানালা খুলে দেওয়া হয়েছে। প্রথম ১২ ঘণ্টায় ছবিটির অগ্রিম বুকিংয়ের গতি দারুণ ছিল। আজ সকাল সাড়ে সাতটা পর্যন্ত এই কমেডি ছবিটির ৪০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। এখন পর্যন্ত ৪০ হাজার ১১২টির বেশি টিকিট বিক্রি হয়েছে। সারা ভারতে ছবিটি ৩ হাজার ২৩২টি পর্দায় মুক্তি পাচ্ছে।
অগ্রিম টিকিট বিক্রি থেকে ছবিটি ইতিমধ্যে প্রায় ৮৯ লাখ ৪২ হাজার রুপি আয় করেছে। আর ব্লক বুকিংয়ের সঙ্গে এই ছবির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় ইতিমধ্যে ২ কোটি ৭৪ লাখ রুপি ছাড়িয়ে গেছে। মুক্তির আগেই এমন অগ্রিম বুকিং নির্মাতাদের আশাবাদী করে তুলেছে। এখনো ছবিটি মুক্তির অপেক্ষায়, তবে বক্স অফিস বিশ্লেষকদের মতে, ছবিটির প্রকৃত সাফল্য নির্ভর করবে দর্শকদের মুখে মুখে প্রচার (ওয়ার্ড অব মাউথ) এবং প্রথম সপ্তাহান্তের আয়ের ওপর।
কিছু পরিবর্তন
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড (সিবিএফসি) ছবিটিকে ইউ/এ ১৬+ সনদ দিয়েছে। ছাড়পত্র দেওয়ার আগে বোর্ড কয়েকটি পরিবর্তনেরও নির্দেশ দেয়। সংশোধনের পর ছবিটির দৈর্ঘ্য হয়েছে ২ ঘণ্টা ৪৪ মিনিট। বোর্ডের নির্দেশনা অনুযায়ী কয়েকটি সংলাপ, বিকিনি-সংক্রান্ত দৃশ্য, কিছু দ্ব্যর্থবোধক ইঙ্গিত এবং কাশ্মীর-সম্পর্কিত উল্লেখে পরিবর্তন আনা হয়েছে।
১১৫ কোটির ছবি
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’কে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মাল্টিস্টারার বলিউড ছবি হিসেবে দেখা হচ্ছে। এতে ৩২ জনের বেশি বলিউডের নামকরা অভিনয়শিল্পী রয়েছেন। অক্ষয় জানিয়েছেন, ছবিটি নির্মাণ করতে ১১৫ কোটি রুপি খরচ হয়েছে। আর তিনি এই সিক্যুয়েলে অভিনয়ের জন্য এক রুপিও নেননি। অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনের পাশাপাশি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে অভিনয় করেছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়স তলপাড়ে, তুষার কাপুর, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, লারা দত্ত, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, মুকেশ তিওয়ারিসহ অনেক পরিচিত মুখ।
ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায়
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম’ এবং ২০১৫ সালের ‘ওয়েলকাম ব্যাক’-এর পর এটি এই জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। আনিস বাজমি পরিচালিত প্রথম ছবিতে অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ ছাড়া নানা পাটেকর ও অনিল কাপুরের অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। নতুন ছবিতে সেই হাস্যরসের ধারা বজায় রাখার পাশাপাশি অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং বড় পরিসরের বিনোদনের মিশেল রাখার চেষ্টা করেছেন নির্মাতারা।
ছবিটি বক্স অফিসে কতটা সাফল্য পায়, সেটিই এখন দেখার অপেক্ষা।