চুম্বনের পর ডেটল দিয়ে মুখ ধুয়েছিলেন এই অভিনেত্রী
বড় পর্দা হোক বা ওটিটি—সর্বত্র সমান দাপট অভিনেত্রী নীনা গুপ্তার। নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ টু’ অ্যানথোলজির কারণে বারবার চর্চায় উঠে আসছে তাঁর নাম। সম্প্রতি এই সিনেমার প্রচারে নিজের অভিনয়জীবনকে ঘিরে এক অদ্ভুত ঘটনার কথা খোলাসা করেছেন তিনি।
কয়েক বছর ধরে বলিউড সাম্রাজ্যে রাজত্ব করছেন অভিনেত্রী নীনা গুপ্তা। তবে জ্যেষ্ঠ এই অভিনেত্রী মনে করেন, ‘বাধাই হো’ ছবির পর তাঁর নবজন্ম হয়েছে। এই ছবির পর তাঁর সামনে খুলে গেছে একের পর এক দরজা। এমনকি এখন ছবির মূল নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।
পর্দায় নীনাকে নানা সাহসী আর দাপুটে চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তবে একবার গভীর চুম্বনের দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁর অবস্থা খারাপ হয়েছিল বলে জানিয়েছেন নীনা।
ভারতীয় অনলাইন গণমাধ্যম ফিল্মিবিটে প্রকাশিত এক সাক্ষাৎকারে নীনা চুম্বনদৃশ্যের প্রসঙ্গে বলেছেন, ‘“দিল্লগি”নামের এক শোতে দিলীপ ধাওয়ানের সঙ্গে আমার গভীর চুম্বনের দৃশ্য ছিল। আমি তা করতে মোটেও সহজ ছিলাম না। দিলীপ ধাওয়ানের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্কও ছিল না। তাই আমার মধ্যে আরও জড়তা ছিল। কিন্তু তাঁকে দেখতে ভালো বলে হ্যাঁ বলে দিয়েছিলাম। পরে অস্বস্তিতে পড়েছিলাম। চুম্বনদৃশ্যটা কোনোক্রমে শেষ করে সবার আগে ডেটল দিয়ে আমার মুখ ধুয়েছিলাম। তারপর সেই রাতে আমি ঘুমাতে পারিনি।’
নীনা গুপ্তা ব্যক্তিগত জীবনেও অত্যন্ত সাহসী ছিলেন। ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডের সঙ্গে তাঁর উদ্দাম প্রেমের কথা কারও অজানা নেই। নীনা ও ভিভিয়ানের একমাত্র কন্যা মাসাবা আজ ফ্যাশন–দুনিয়ার এক বড় নাম।
মাসাবাকে ফ্যাশন ডিজাইনিংয়ের পাশাপাশি অভিনয় করতেও দেখা যায়। নীনা ২০০৮ সালে সিএ বিবেক মেহেরাকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলেন। তবে তার আগে অম্লান কুসুম ঘোষকে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। তবে এই বিয়ে মাত্র এক বছর টিকেছিল।