আলিয়া–রণবীরের শুটিং সেটে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, ৪০ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা
‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ৪০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে পরিচালক সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান। ১৭ জুন মুম্বাইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম্প স্টুডিওতে ছবিটির সেটে কাজ করার সময় ৪২ বছর বয়সী কার্পেন্টার চন্দ্রধারী সিং যাদব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই দুর্ঘটনাটি ঘটেছিল।
দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে প্রশ্ন
ঘটনার পর থেকেই ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনা শুরু করে। সংগঠনের সাধারণ সম্পাদক অশোক দুবে জানান, দুর্ঘটনার সময় শ্রমিকদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়েছিল।
দুবের ভাষ্য অনুযায়ী, সকাল সাতটার শিফটের পরও অনেক কর্মী পরদিন রাত তিনটা পর্যন্ত কাজ করছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে এখনো ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন অপেক্ষমাণ।
৫০ লাখ দাবি, আপাতত ৪০ লাখ
সংগঠনটি প্রথমে নিহত শ্রমিকের পরিবারের জন্য ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছিল। যদিও আলোচনার পর বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান ৪০ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সংগঠনকে জানানো হয়েছে যে চেকও ইস্যু করা হয়েছে।
সংগঠনের দাবি, মৃত শ্রমিকের জন্য বিমাসুবিধাও রয়েছে। সেই বিমা থেকে আরও ১০–১৫ লাখ টাকা পরিবার পেতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে মোট আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়তে পারে।
পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার উদ্যোগ
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানিয়েছেন, শুধু ক্ষতিপূরণ নয়, নিহত শ্রমিকের পরিবারের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতেও আলোচনা চলছে।
অশোক পণ্ডিতের মতে, সঞ্জয় লীলা বানসালি নিহত শ্রমিকের স্ত্রীকে উপযুক্ত চাকরি দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে রাজি হয়েছেন। পাশাপাশি যাদবের দুই কন্যার শিক্ষার দায়িত্ব নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
যাদবের দুই মেয়ের বয়স যথাক্রমে ১০ ও ৬ বছর। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পরিবারের ভবিষ্যৎ অনেকটাই নিরাপদ হবে বলে মনে করছে সংগঠনটি।
নিরাপত্তাব্যবস্থার দাবি
এ দুর্ঘটনার পর চলচ্চিত্রশিল্পে নিরাপত্তাব্যবস্থার প্রশ্নও নতুন করে সামনে এসেছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ প্রশাসনের কাছে পুরোনো স্টুডিও ও সেটগুলোর নিরাপত্তা নিরীক্ষার দাবি জানিয়েছে।
সংগঠনটি চায়, পুরোনো অবকাঠামো, বিদ্যুতের সংযোগ ও অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়মিত পরীক্ষা করার জন্য একটি যৌথ কমিটি গঠন করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে