রণবীরের সিনেমার বিরুদ্ধে নকলের অভিযোগ
সম্প্রতি প্রকাশ পেয়েছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’–এর টিজার। এরপরই এই সিনেমার বিরুদ্ধে নেটিজেনরা অভিযোগ আনল নকলের। তাদের দাবি, এই সিনেমায় রণবীর কাপুরের অ্যাকশনের দৃশ্য দক্ষিণ কোরিয়ার সিনেমা থেকে হুবহু নকল করেছেন পরিচালক। খবর টাইমস অব ইন্ডিয়ার
সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগ ছড়িয়ে গেছে। নেটিজেনরা বলছে, টিজারটির এই দৃশ্যগুলো ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিনেমা ‘ওল্ডবয়’ থেকে কপি করা হয়েছে। এ ছাড়া অনেকে ‘ওল্ডবয়’ সিনেমার সেই অ্যাকশনের দৃশ্যের ভিডিও শেয়ার করেন। গত রোববার প্রকাশ পায় ‘অ্যানিমেল’–এর ৫০ সেকেন্ডের এই প্রি-টিজার। এর পর থেকে শুরু হয় এই সমালোচনা। এ নিয়ে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট কেউ এখনো কিছু বলেননি।
বছরের শুরুতে মুক্তি পেয়েছিল ‘অ্যানিমেল’ সিনেমার পোস্টার। সেখানে ভয়ংকর রূপে ধরা দিয়েছিলেন রণবীর। ভক্তরা ধরেই নিয়েছিল, চমক নিয়ে আসছেন তিনি।
এখন বাকি চমক দেখার অপেক্ষা। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। প্রথমবারের মতো তাঁরা জুটি বাঁধতে চলেছেন। এ ছাড়া আরও অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ। আগামী ১১ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি।
সময়টা ভালোই যাচ্ছিল রণবীর কাপুরের। গত বছর বিয়ে, সন্তানের পর অভিনেতার ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’ সিনেমা হিট। শুধু হিট নয়, ২০২২ সালে সর্বোচ্চ আয় করা বলিউড সিনেমা ছিল এটি। চলতি বছর মুক্তি পায় ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’। এটিও বক্স অফিসে ভালোই আয় করেছে। এরই মধ্যে উঠল নকলের অভিযোগ!