স্বামীর সঙ্গে ছবি মুছে দেওয়ার পর ‘গজনি’ অভিনেত্রী জানালেন, বিচ্ছেদের খবর ভুয়া
তারকাদের মধ্যে কার সঙ্গে কার সম্পর্ক হলো, কার সঙ্গে ভাঙল, সেটা অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কার্যক্রম দেখে বোঝা যায়। কারও সঙ্গে সম্পর্কের অবনতি হলে অনেকেই ইনস্টাগ্রামে তাঁর আনফলো করেন বা তাঁর সঙ্গে থাকা ছবি মুছে দেন। তবে ছবি মুছে দেওয়া মানেই বিচ্ছেদ—এই সূত্র অসিনের ক্ষেত্রে মিলল না। স্বামীর সঙ্গে ছবি মুছে দেওয়ার পর যখন তাঁদের বিচ্ছেদের গুজব রটেছে, তখনই অসিন জানিয়ে দিলেন এমন কিছুই ঘটেনি। খবর হিন্দুস্তান টাইমসের
২০১৬ সালে ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করেন ‘গজনি’ অভিনেত্রী অসিন। এর পর থেকেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। অসিনের বিচ্ছেদের গুঞ্জন রটার কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কার্যক্রম।
স্বামীর সঙ্গে থাকা সব ছবি মুছে দেন। এমনকি ভারতীয় গণমাধ্যমের দাবি, বিয়ের ছবিও তিনি সরিয়ে নিয়েছেন। এরপরই বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে তাঁর বিচ্ছেদের খবর প্রকাশিত হয়। খানিকবাদেই মুখ খোলেন অসিন।
ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা এক বার্তায় অসিন জানান, তাঁর বিচ্ছেদের খবর ভিত্তিহীন।
স্বামীর সঙ্গে গ্রীষ্মের ছুটি উপভোগ করছেন জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘ছুটি কাটাতে এসে দুজন যখন সকালের নাশতা উপভোগ করছি, তখনই ভিত্তিহীন খবর দেখলাম। এসব দেখে পাঁচটা মিনিট সময় নষ্ট হলো, এ ছাড়া ছুটির দিনটা দারুণ কাটছিল। সবার দিন ভালো কাটুক।’
অসিনের পোস্টের পর অনেক ভক্তই তাঁর জন্য শুভকামনা জানিয়েছেন। অনেকে আবার বিচ্ছেদের খবর যে ভিত্তিহীন, সেটা দ্রুত জানানোর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।