দর্শকের চাপে সার্ভার ক্র্যাশ
আর বাকি মাত্র তিন দিন। তারপরই ফুরাচ্ছে চার বছরের অপেক্ষা। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় নায়ক হিসেবে হাজির হচ্ছেন শাহরুখ খান। নানা বিতর্ক আর অনিশ্চয়তা পেছন ফেলে ২৫ জানুয়ারি ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি। শাহরুখ খানের শেষ কয়েকটি ছবি ভালো চলেনি। তবে বক্স অফিস বিশ্লেষকেরা বলছেন, ‘পাঠান’ দিয়ে আগের সব ব্যর্থতা ভুলিয়ে দেবেন শাহরুখ। ছবিটির অগ্রিম বুকিং তেমনই ইঙ্গিত দিচ্ছে।
গতকাল শুরু হয় ‘পাঠান’-এর অগ্রিম বুকিং। এরপরই প্রিয় তারকার সিনেমার টিকিট কিনতে নেট দুনিয়ায় রীতিমতো যুদ্ধ বেঁধে যায়। প্রথম দিন প্রথম শো দেখতে যেন তর সইছিল না ভক্তদের। এই যেমন বলা যায় কলকাতার কথা, শহরটিতে অগ্রিম টিকিট বিক্রি শুরুর মাত্র ১ ঘণ্টার মধ্যেই ৫০ শতাংশের বেশি বিক্রি হয়ে যায়। কেবল এটিই নয়, বিক্রি শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে অনেক হলের টিকিট শেষ হয় যায়। টিকিট কিনতে দর্শকের চাপ এত বেশি ছিল যে কলকাতায় সার্ভারও ক্র্যাশ করে।
প্রথম দিনের অগ্রিম বুকিংয়ের তথ্য অনুযায়ী ‘পাঠান’-এর প্রায় দুই লাখ টিকিট বিক্রি হয়েছে। এই বিক্রি থেকে মুক্তির আগেই ১৪ কোটি ৬৬ লাখ রুপি আয় করেছে ছবিটি, যা বাংলাদেশি মুদ্রায় ১৯ কোটি টাকার বেশি।
সম্প্রতি মুক্তির আগেই যে হিন্দি সিনেমা নিয়ে দর্শকের মধ্যে এতটা আগ্রহ দেখা গেছে, সেটি হলো ‘ব্রহ্মাস্ত্র’। তবে গত বছর দারুণ ব্যবসা করা সিনেমাটির অগ্রিম বুকিং ছিল ১৯ কোটি রুপির কিছু বেশি, যা প্রথম দিনেই ছাড়িয়ে গেছে ‘পাঠান’। ধারণা করা হচ্ছে, মুক্তির আগে ‘ব্রহ্মাস্ত্র’-এর অন্তত তিন গুণ আয় করবে ‘পাঠান’।
মুক্তির পর ‘পাঠান’ যে বক্স অফিসে ঝড় তুলবে, সেটিও আগেই থেকেই বলে রাখছেন বক্স অফিস বিশ্লেষকেরা। কেউ কেউ বলেছেন প্রথম দুই দিনের আয়ের বিচারে ‘বাহুবলী’কেও ছাড়িয়ে যেতে পারে ‘পাঠান’। অনেক বিশ্লেষক পূর্বানুমান করেছেন, মুক্তির পর প্রথম পাঁচ দিনেই ৩০০ কোটি আয় ছাড়িয়ে যাবে ‘পাঠান’।