কমলা রঙের প্যান্ট ও সবুজ শার্ট পরে সুইজারল্যান্ডে নাচ...

মাধবনছবি:ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেশ কয়েক বছর আগের কথা। আমি সুইজারল্যান্ডে একটি তামিল সিনেমার গানের শুটিং করছিলাম। রাস্তার মাঝখানে নাচছিলাম, আর তখনই দেখি, এক সুইস কৃষক আমাদের দিকে তাকিয়ে বিরক্তির সঙ্গে কেমন করে যেন তাকাচ্ছে। সেদিন আমি মনে মনে বলেছিলাম, তুমি চেন্নাইয়ে আসো, আমি তোমাকে দেখিয়ে দেব আমি কে। তবে খুবই অপমানিত বোধ করেছিলাম সেদিন। কিন্তু হঠাৎ মনে হলো, আমি আসলে অন্যদের ইচ্ছেমতো নাচ করছি। তারপর সিদ্ধান্ত নিই, কিছুদিন বিরতি নেব,’ বললেন বলিউড ও দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা আর মাধবন। ৪ এপ্রিল মুক্তি পেতে পাচ্ছে মাধবন অভিনীত সিনেমা ‘টেস্ট’। ছবিটি মুক্তির আগে ভারতীয় কয়েকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে বিরতি নেওয়ার প্রসঙ্গটি আনেন। জানালেন, কেন দীর্ঘ চার বছর সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন।

আর মাধবন
এক্স থেকে

এক-দুই বছর নয়, টানা চার বছর কাজ করেননি মাধবন। এ নিয়ে বলিউড থেকে দক্ষিণের ইন্ডাস্ট্রি—শোরগোল কম হয়নি। সে সময় এ নিয়ে তেমন কিছু না বললেও এই সাক্ষাৎকারে খোলাখুলি সব কথা বললেন। জানালেন এতগুলো বছর নিজের প্রিয় কাজ থেকে দূরে থাকার কারণ।
অনেকেই ক্যারিয়ার থেকে ব্রেক নেন, নিজেকে সময় দেন। নিজেকে তৈরি করেন বা প্রস্তুতি নেন নতুন কাজের জন্য। সেটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু মাধবন ব্রেক নিয়েছিলেন অন্য কারণে। পছন্দের চরিত্র না পাওয়ায় হতাশ হয়ে পড়ছিলেন। একটি ঘটনার কথাও শেয়ার করেন। জানান, সুইজারল্যান্ডে একটি তামিল গানের শুটিং করছিলেন। সেখানে তাঁকে কমলা রঙের প্যান্ট ও সবুজ শার্ট পরে নাচতে হয়। সেই অভিজ্ঞতা তাঁর মনে গভীর প্রভাব ফেলেছিল।

আরও পড়ুন

সেদিনের অভিজ্ঞতা বর্ণনা করে মাধবন জানান, তাঁর স্ত্রী অভিযোগের সুরে জানিয়েছিলেন, যেভাবে কাজ চলছে, তা দেখে মনে হচ্ছে, অভিনয় থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন। কথাটি শুনে মাধবনেরও মনে হয়েছিল, সত্যিই তাই। এখন বিরতি নেওয়া উচিত। এভাবে আর কত! এ যুগেও এসব চলে!

আরও পড়ুন

এই চার বছরে মাধবন শুধু সিনেমা নয়, কোনো বিজ্ঞাপনেও কাজ করেননি। ছেড়ে দিয়েছিলেন সব অফার। লুক পরিবর্তন করে ভারতের নানা প্রান্তে শুধু ঘুরে বেড়িয়েছেন। সাধারণ মানুষের জীবনযাপন দেখেছেন। রিকশাচালকদের সঙ্গে সময় কাটিয়েছেন, তাঁদের সংগ্রাম দেখেছেন। অভিনেতার মতে, এই চারটা বছর তাঁকে অনেক কিছু নতুন করে শিখিয়েছে। এই চার বছরে শিখে নেওয়া সবকিছু তাঁকে নতুনভাবে গড়তে সাহায্য করেছে।