সিনেমা এনেছি তো ফ্রিজে রাখার জন্য না, ‘পাঠান’ প্রসঙ্গে অনন্য মামুন
আগামী ৫ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’–এর। এবারের ঈদে মুক্তি পাওয়া ছবির মধ্যে কয়েকটি দেখতে দর্শক প্রেক্ষাগৃহে ভিড় করায়, ‘পাঠান’ ছবির মুক্তি পিছিয়ে দিতে চেয়েছেন কয়েকজন পরিচালক ও নায়ক। এ নিয়ে তাঁরা ফেসবুকে পোস্টও দিয়েছেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরাবর আবেদনও জানিয়েছেন। ‘পাঠান’ মুক্তি নিয়ে যখন এসব হচ্ছে, ঠিক তখনই ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন জানিয়ে দিলেন, ৫ মে ‘পাঠান’ আসছে। কোনোভাবেই ছবির মুক্তির তারিখ পেছাবেন না তিনি।
শুরুর দিকে ‘পাঠান’ মুক্তি নিয়ে যখন কথা হয়, তখন দেশের প্রেক্ষাগৃহে দর্শক খরা ছিল। ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর কয়েকটি সেই খরা কাটায়। তাই কেউ কেউ চাইছেন, আরও কয়েকটা দিন বাংলাদেশি চলচ্চিত্রগুলো প্রেক্ষাগৃহে চলুক। দরকার হয়, এরপর ‘পাঠান’ মুক্তি পাক।
এই যখন অবস্থা, তখন ‘পাঠান’ ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন বলেন, ‘সরকারের পক্ষ থেকে “পাঠান” মুক্তি নিয়ে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়। ঈদের সপ্তাহ চলে গেছে। পরের সপ্তাহও যাচ্ছে। এভাবে চলতে থাকলে কেমনে কী! আমাদের এটা কি ছবি না? সরকারকে ভ্যাট-ট্যাক্স সবই দিয়েছি। এই ছবির জন্য সরকারকে সাত লাখ টাকার মতো ভ্যাট দিয়েছি। ঈদের আর সব ছবি মিলে তো সাত লাখ টাকা ভ্যাট দিতে পারেনি। আমি তো সিনেমা এনেছি ফ্রিজে রাখার জন্য না। রিলিজ দেওয়ার জন্য এনেছি।’
প্রথম আলোকে আজ রোববার দুপুরে অনন্য মামুন বলেন, ‘সরকারি সব নিয়ম মেনেই আমরা ছবিটি এনেছি। “পাঠান” মুক্তি পেছাবে, এসব প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নেই। সরকারি নিয়ম আছে, নিয়মের বাইরে গিয়ে তো আমরা কিছু করছি না। গায়ের জোরেও কিছু করছি না। তা ছাড়া আমরা ছবি রিলিজই করব মাত্র ২২ প্রেক্ষাগৃহে। আমরা বেশি হলে রিলিজ দেবও না। বাকি দেড় শ হলে দেশের ছবিগুলো চলবে, সমস্যা নাই তো। ঢাকা ও ঢাকার বাইরের যেখান থেকে ঈদের ছবিগুলো নেমে যাচ্ছে, সেখানেই “পাঠান” মুক্তি দেব। হলমালিকেরাও সিদ্ধান্ত নেবেন, তাঁদের তো জোর করে বলা যাবে না, এই ছবি চালাতেই হবে, এই ছবি চালান। আমরা শুধু বড় হলগুলোতে ঢুকব। ছোট ছোট হলগুলো দেশীয় ছবি চালানোর জন্য ছেড়ে দিয়েছি।’
ছোট ছোট প্রেক্ষাগৃহগুলো কি ‘পাঠান’ প্রদর্শনের উপযোগী? ‘উপযোগী না, তারপরও আমরা তো উপযোগী করে নিতে পারতাম। যেহেতু দেশীয় ছবি আছে, সেগুলোর কথা ভেবে ছেড়ে দিয়েছি। দ্বিতীয় সপ্তাহে হয়তো আমাদের প্রেক্ষাগৃহ ৫০টি হবে বা ৭০টি হবে। আমরাও সেভাবেই চাচ্ছি।’ বললেন অনন্য মামুন।
ছবিটি কি সেন্সর হয়েছে জানতে চাইলে অনন্য মামুন বলেন, ‘সেন্সর এখনো হয়নি। আজকেই হয়তো জানা যাবে, কবে ছবিটি সেন্সর বোর্ড সদস্যরা দেখছেন। আমরা কিন্তু এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সেন্সর বোর্ড—সবারই অনুমতিপত্র পেয়ে গেছি।’