হঠাৎ তুমুল বিতর্কে ‘সাইয়ারা’ নায়িকা, আসলে কী হয়েছিল

অনীত পড্ডা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

গত বছর অভিষেকেই ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে ঝড় তুলেছিলেন অনীত পড্ডা। তবে এবার প্রবল বিতর্কে এই তরুণ অভিনেত্রী। এক মার্কিন রাজনীতিককে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা এবং তাঁর বোনের করা এক মন্তব্যকে ঘিরে তিনিও বিতর্কে জড়িয়ে পড়েছেন।

কী নিয়ে বিতর্ক
ঘটনার সূত্রপাত একটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। ব্যবহারকারীরা লক্ষ করেন, অনীত পড্ডা অনুসরণ করছিলেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক হাসান পিকারকে। এরপরই পুরোনো একটি মন্তব্য সামনে আসে, যেখানে হাসান পিকার ভারতকে ‘টেররিস্ট স্টেট’ বা ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছিলেন বলে দাবি করা হয়। এই অভিযোগ ঘিরেই অনলাইনে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন অনেক ব্যবহারকারী।

বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। অনেকেই প্রশ্ন তোলেন—একজন জনপরিচিত তারকা হিসেবে এমন একজনকে অনুসরণ করা কতটা দায়িত্বশীল সিদ্ধান্ত।

‘আনফলো’ করেও থামেনি আলোচনা
বিতর্কের মধ্যে খবর আসে, অনীত নাকি পরবর্তী সময়ে হাসান পিকারকে আনফলো করেছেন। তবে ততক্ষণে সমালোচনা ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। ভাইরাল পোস্ট, ভিডিও ও নানা মন্তব্যে বিষয়টি আরও উসকে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কনটেন্ট নির্মাতা এটিকে ‘চিন্তার বিষয়’ বলে উল্লেখ করেন এবং তারকাদের ডিজিটাল আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

অনীত পড্ডা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

পারিবারিক মন্তব্যে বাড়ে জটিলতা
এই বিতর্কে নতুন মাত্রা যোগ করে অনীতের বোন রীত পড্ডার কিছু মন্তব্য। তিনি কয়েকটি চলচ্চিত্র—যেমন ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মত প্রকাশ করেছিলেন, যেগুলোকে কেউ কেউ ‘সরকারঘনিষ্ঠ বয়ান’ হিসেবে ব্যাখ্যা করেন। এ ছাড়া আদিত্য ধরের হিট সিনেমা ‘ধুরন্ধর’ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আন্তর্জাতিক ইস্যু নিয়েও তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। ফলে অনেক ব্যবহারকারী এই বিতর্কে অনীত পড্ডাকে জড়িয়ে ফেলেন, যদিও তিনি নিজে সরাসরি কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন

নীরবতা ও জল্পনা
এখন পর্যন্ত অনীত পড্ডা বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গেছে, তাঁর বোন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যক্তিগত করে দিয়েছেন।
কাজের দিক থেকে অনীত পড্ডা বর্তমানে ব্যস্ত তাঁর নতুন সিনেমা ‘শক্তিশালিনী’ নিয়ে ব্যস্ত।

ইন্ডিয়াডটকম অবলম্বনে