শোরুম উদ্বোধন করতে গিয়ে আপত্তিকর মন্তব্য, রেগে গেলেন জারিন

জারিন খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ক্যামেরার সামনে হাসিমুখে ছবি তোলা বলিউড তারকাদের নিত্যদিনের ব্যাপার। কিন্তু সেই মুহূর্তে ব্যক্তিগত মর্যাদার সীমা অতিক্রম করায় প্রতিবাদ জানালেন বলিউড অভিনেত্রী জারিন খান।

মুম্বাইয়ে একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে পাপারাজ্জিদের এক বাজে মন্তব্যের মুখে পড়েন তিনি। মুহূর্তেই পাল্টা জবাব দিয়ে স্পষ্ট করে দেন, ‘সীমা লঙ্ঘন’ তিনি কোনোভাবেই মেনে নেবেন না।

গতকাল সোমবার মুম্বাইয়ে একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জারিন খান। অনুষ্ঠানে তিনি ব্র্যান্ডের নতুন কালেকশনের ডেনিম জ্যাকেট ও একটি পোশাক হাতে নিয়ে আলোকচিত্রীদের সামনে পোজ দিচ্ছিলেন।

ঠিক তখনই উপস্থিত এক আলোকচিত্রী মজা করে বলে বসেন, ‘ড্রেসটা পরে দেখান।’ মন্তব্যটি যে জারিনের ভালো লাগেনি, তা তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়ে যায়। ‘আপনাদের সামনে? সেটা হবে না,’ বিরক্তি নিয়ে বলেন জারিন।

এরপর জারিন আরও কঠোর ভাষায় আলোকচিত্রীদের উদ্দেশে বলেন, ‘আমার সঙ্গে এ ধরনের বাজে কথা বলবেন না। আমি এমন মানুষ নই, যে এসব সহ্য করবে। সবাই নিজের সীমার মধ্যে থাকুন।’

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকেই জারিন খানের অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

জারিন খান
ইনস্টাগ্রাম থেকে

একজন লিখেছেন, ‘জারিন ঠিকই করেছেন। এ ধরনের মন্তব্যের প্রতিবাদ করা উচিত।’ আরেকজনের প্রশ্ন, ‘পাপারাজ্জিরা কীভাবে এমন কথা বলতে পারেন?’
আরেকটি মন্তব্যে বলা হয়, ‘তিনি মেজাজ হারাননি; বরং নিজের সম্মান রক্ষা করেছেন। এমন আচরণ কখনোই স্বাভাবিক নয়।’

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় জারিন খানের। যদিও ছবিটি বক্স অফিসে সফল হয়নি, তবু তাঁর উপস্থিতি নজর কাড়ে। সে সময় অনেকেই তাঁর চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে তুলনা করেছিলেন।

আরও পড়ুন

পরে জারিন ‘রেডি’ ছবির জনপ্রিয় গান ‘ক্যারেক্টার ঢিলা’-তে সালমান খানের সঙ্গে নাচেন। এরপর ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’, ‘১৯২১’, পাঞ্জাবি ছবি ‘জাট জেমস বন্ড’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন।

সবশেষে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ ছবিতে দেখা যায় জারিনকে। এরপর বড় পর্দায় খুব একটা সক্রিয় না থাকলেও বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিত থাকেন তিনি।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে