দুই দিন যেন দুঃস্বপ্নের মতো কেটেছে, দুবাই থেকে অভিনেত্রী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেই দুবাইয়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা কথা বলেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্টে নিজের আতঙ্ক, দুশ্চিন্তা ও নির্ঘুম রাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী।
রোববার নার্গিস দুবাইয়ের একটি দৃশ্য শেয়ার করে লেখেন, ‘এখানে গত দুই দিন একেবারে পাগালপ্রায় সময় কেটেছে।’ অন্য একটি পোস্টে তিনি স্থানীয় প্রশাসনের প্রচেষ্টার প্রশংসা করে জানান, ‘ওরা দারুণ কাজ করছে।’ নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের তৎপরতাকে কৃতজ্ঞতা জানান তিনি।
তবে পরিস্থিতির মানসিক প্রভাব লুকাননি নার্গিস। রাতের আকাশের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘কী হবে পরের মুহূর্তে—তা না জানার এই অনুভূতি, উদ্বেগ আর ভয়ের ছায়া কাটছে না। ঘুমই আসছে না। মস্তিষ্ক যেন সব সময় সতর্ক অবস্থায় আছে। এত রাত হয়ে গেছে, তবু আমি পুরো জেগে। দুই দিন যেন দুঃস্বপ্নের মতো কেটেছে।’
নার্গিস ফাকরি গত বছর ক্যালিফোর্নিয়ায় টনি বেইগকে বিয়ে করেন। সম্প্রতি তাঁকে দেখা গেছে কমেডি ছবি ‘হাউসফুল ৫’–এ, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও রিতেশ দেশমুখ।
বর্তমানে দুবাইয়ে অবস্থানরত এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছেন এবং নিরাপত্তা নির্দেশিকা মেনে চলছেন। তবে তাঁর কথায় স্পষ্ট—যুদ্ধের আশঙ্কা আর অনিশ্চয়তার সময়টা মানসিকভাবে খুবই কঠিন।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে