সত্যজিতের ‘ভূতের রাজা দিল বর’-এর নকল? প্রিয়দর্শন বললেন, ‘ভুল নেই’

‘ভূত বাংলা’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে টাবু ও অক্ষয়। এএনআই

প্রিয়দর্শন পরিচালিত আসন্ন ছবি ‘ভূত বাংলা’ মুক্তির আগে থেকেই আলোচনা-সমালোচনায়। অক্ষয় কুমার অভিনীত এই হরর–কমেডি ছবির একটি গান নিয়ে উঠেছে নকলের অভিযোগ। দাবি করা হচ্ছে, ছবির ‘রাম জি আকে ভালা করেঙ্গে’ গানে সত্যজিৎ রায় পরিচালিত ১৯৬৯ সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলা ছবি ‘গুপী গাইন বাঘা বাইন’-এর জনপ্রিয় গান ‘ভূতের রাজা দিল বর’-এর একটি হুক লাইন বা অভিব্যক্তি ব্যবহার করা হয়েছে। সম্প্রতি ‘ভূত বাংলা’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এই অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় পরিচালক প্রিয়দর্শনকে। এত দিন নীরব থাকা প্রিয়দর্শন প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানান। তিনি সরাসরি নকল করার অভিযোগ খারিজ করে দেন।
মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে মুক্তি পেয়েছে ‘ভূত বাংলা’ ছবির ট্রেলার। এই অনুষ্ঠানে ছবির অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, টাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, ওয়ামিকা গাব্বি, রাজেশ শর্মা, মিথিলা পালকর, প্রযোজক একতা কাপুর এবং পরিচালক প্রিয়দর্শন। উপস্থিত গণমাধ্যমকর্মীদের নানান প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল ছবির শিল্পী ও পরিচালককে।

‘ভূত বাংলা’র পোস্টারে অক্ষয় কুমার। এক্স থেকে

সত্যজিৎ রায়ের জনপ্রিয় গান ‘ভূতের রাজা দিল বর’-এর হুক লাইনের নকল করার অভিযোগ নিয়ে পরিচালক প্রিয়দর্শনকে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘আমি তাঁর (সত্যজিৎ রায়) প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। তিনি সেসব মহান নির্মাতার একজন, যাঁদের কাছ থেকে আমি সিনেমা শিখেছি। দ্বিতীয়ত, যে শব্দটির কথা বলা হচ্ছে, সেটি “ভূত”। এখন যদি আমি জিজ্ঞেস করি, ভারতীয় সিনেমায় “দিওয়ানা” শব্দটি কত গানে ব্যবহার হয়েছে? তাহলে কি এর মানে, যে প্রথম ব্যক্তি “দিওয়ানা” শব্দটি ব্যবহার করেছেন, শুধু তাঁরই এটি ব্যবহারের অধিকার আছে? এটি তো কেবল একটি শব্দ। যদি কেউ দুটি লাইন ব্যবহার করে, তাহলে সবাই ব্যবহার করতে পারে। কিন্তু সুরের সঙ্গে ওই গানের কোনো সম্পর্ক নেই।’

পরিচালক আরও জানান, ‘গীতিকারই ওই লাইনগুলো লিখেছেন, আর সেই কারণেই আমরা নিশ্চিত ছিলাম যে এতে কোনো ভুল নেই। এর একটি প্রেক্ষাপটও রয়েছে, কারণ ছবির নাম “ভূত বাংলা”। আপনারা এটাও বুঝবেন যে আগে “ভূত বাংলা” নামে একটি ছবি হয়েছিল। স্বাভাবিকভাবেই এখন সেই নাম আবার ব্যবহার করা হয়েছে। তাই এ ধরনের জিনিস বারবার ঘটে, এতে কোনো সমস্যা নেই।’
‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি পরেশ রাওয়াল, টাবু, রাজপাল যাদব, যীশু সেনগুপ্ত, আসরানি, মিথিলা পালকর এবং রাজেশ শর্মা অভিনয় করছেন। ছবিটি ১৬ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।