৩৫ কোটিতে শহীদ, ‘ককটেল ২’-এ দুই নায়িকার সঙ্গে বড় ফারাক

‘ককটেল ২’ সিনেমার পোস্টারে কৃতি, শহীদ ও রাশমিকা। আইএমডিবি


দীর্ঘদিন ধরেই বলিউডে ‘ককটেল’ ছবির সিকুয়েল নির্মাণের গুঞ্জন ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ‘ককটেল ২’-এর। ঘোষণার সঙ্গে প্রকাশ করা হয়েছে ছবিটির মুক্তির তারিখ ও প্রথম পোস্টারও।
‘ককটেল ২’-এর প্রধান তিন চরিত্রে দেখা যাবে শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানাকে। তিন তারকাই নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির পোস্টার শেয়ার করেছেন। পোস্টারগুলোতে ধরা পড়েছে তাঁদের ভিন্নধর্মী লুক। একই সঙ্গে তাঁরা ইঙ্গিত দিয়েছেন, ১৮ মার্চ প্রকাশ করা হবে ছবিটির টিজার। আর সারা বিশ্বে ছবিটি মুক্তি পাবে আগামী ১৯ জুন।

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ককটেল’। ইমতিয়াজ আলির লেখা এই রোমান্টিক ছবিটি পরিচালনা করেছিলেন হোমি আদাজানিয়া। ত্রিভুজ প্রেমের গল্পে ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়না পেন্টি। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয় ডায়না পেন্টির। এ ছাড়া ডিম্পল কাপাডিয়া, বোমান ইরানি ও রণদীপ হুডার মতো তারকারাও অভিনয় করেছিলেন এতে। বন্ধুত্ব, প্রেম ও সম্পর্কের জটিলতার গল্প নিয়ে নির্মিত ছবিটি সাধারণ দর্শক থেকে সমালোচক—সবার প্রশংসা কুড়িয়েছিল। বক্স অফিসেও তার প্রতিফলন দেখা যায়। প্রায় ৩৫ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছিল ১২৫ কোটির বেশি।

‘ককটেল ২’ সিনেমায় দেখা যাবে কৃতি শ্যানন, শহীদ কাপুর ও রাশমিকা মান্দানাকে। ইনস্টাগ্রাম থেকে

সিকুয়েল ঘোষণার পর থেকেই আলোচনায় এসেছে তারকাদের পারিশ্রমিকের বিষয়টিও। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ‘ককটেল ২’-এ সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন শহীদ কাপুর। জানা গেছে, এই ছবির জন্য তিনি পেয়েছেন প্রায় ৩৫ কোটি রুপি। অন্যদিকে দুই নায়িকা কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১৫ কোটি রুপি করে। অর্থাৎ তাঁদের তুলনায় শহীদের পারিশ্রমিক প্রায় ৫৭ শতাংশ বেশি।

আরও পড়ুন

মুক্তির সময় বক্স অফিসেও ‘ককটেল ২’-কে ঘিরে বড় প্রতিযোগিতা দেখা যেতে পারে। কারণ, জুন মাসজুড়ে প্রেক্ষাগৃহে আসছে আরও কয়েকটি বড় বাজেটের ছবি। ৪ জুন মুক্তি পাবে ‘টক্সিক’। ১২ জুন প্রেক্ষাগৃহে আসবে ইমতিয়াজ আলির ‘ম্যায় ওয়াপাস আউংগা’ ও ডেভিড ধাওয়ানের ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। আর ‘ককটেল ২’ মুক্তির মাত্র সাত দিন পর, অর্থাৎ ২৬ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ওয়েলকাম টু দ্য জংগল’-এর।
নতুন প্রজন্মের তারকাদের নিয়ে নির্মিত ‘ককটেল ২’ দর্শকদের কাছে কতটা জনপ্রিয়তা পায়, এখন সেটিই দেখার অপেক্ষা।