শাহরুখের সহায়তায় মুক্তি, ৮ কোটি বাজেটের ছবিটি আয় করল ৮০ কোটি
বলিউড তারকা শাহরুখ খানের একটি সিদ্ধান্তই নাকি বদলে দিয়েছিল মারাঠি চলচ্চিত্র ‘দেউল বন্দ ২’-এর ভাগ্য। ছবিটির পরিচালক প্রবীণ তারদে সম্প্রতি জানিয়েছেন, মুক্তির আগে আর্থিক সংকটে পড়ে ছবিটি বড় ধরনের সমস্যার মুখে পড়েছিল। সেই সময় শাহরুখ খান এগিয়ে না এলে ছবিটির মুক্তিই অনিশ্চিত হয়ে যেতে পারত।
প্রবীণ তারদের ভাষ্য, সিনেমা হলে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সিনেমা প্যাকেজ (ডিসিপি) তৈরির খরচ তাঁদের ধারণার চেয়ে অনেক বেশি আসে। যেখানে তাঁরা প্রায় ১২ লাখ রুপি ব্যয় হবে বলে ভেবেছিলেন, সেখানে বিল আসে প্রায় ৪২ থেকে ৪৫ লাখ রুপি। সীমিত বাজেটের মারাঠি ছবির পক্ষে সেই অর্থ জোগাড় করা ছিল প্রায় অসম্ভব।
এ অবস্থায় নির্মাতারা শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের আর্থিক সীমাবদ্ধতার কথা জানানো হলে বিষয়টি শাহরুখ খানের নজরে আসে। পরিচালক জানান, শাহরুখ তাঁর টেকনিক্যাল টিমের কাছ থেকে ছবি সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি নির্দেশ দেন, অর্থের কারণে যেন ছবিটির পথ আটকে না যায়।
প্রবীণ তারদের দাবি, শাহরুখ তখন বলেন, ‘এটি একটি মারাঠি চলচ্চিত্র। ছবিটি ভালো হলে আগে ডিসিপি দিয়ে দিন, অর্থের বিষয় পরে দেখা যাবে।’ তাঁর এই সিদ্ধান্তের ফলে নির্মাতারা ছবিটি নির্ধারিত সময়ে মুক্তি দিতে সক্ষম হন।
পরিচালকের মতে, তখন কেউ জানত না ছবিটি বাণিজ্যিকভাবে সফল হবে কি না। কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা ছাড়াই শাহরুখ যে সহায়তা করেছিলেন, সেটি তিনি কখনো ভুলবেন না।
মাত্র ৮ থেকে ১০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘দেউল বন্দ ২’ বর্তমানে বক্স অফিসে ৮০ কোটির বেশি আয় করেছে। মারাঠি চলচ্চিত্রের ইতিহাসে এটি অন্যতম সফল সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। কৃষক আত্মহত্যার মতো স্পর্শকাতর সামাজিক বিষয় ও বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ছবিটি দর্শকদের কাছেও ব্যাপক সাড়া ফেলেছে।
প্রবীণ তারদে জানিয়েছেন, সুযোগ পেলে তিনি ব্যক্তিগতভাবে শাহরুখ খানকে ছবিটি দেখাতে চান। তাঁর ভাষায়, ‘ছবিটি সফল হওয়ার অনেক আগেই তিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। সেই ঋণ কোনো দিন শোধ হবে না।’
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে