এক দশক পর ফিরছেন
জন্ম মহারাষ্ট্রে হলেও মারাঠি ছবিতেই অভিনয় করা হয়নি জেনেলিয়া ডি’সুজার। তেলেগু ও হিন্দি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘সিতাম’, ‘রেডি’, ‘বোমারিলু’, ‘ধি’র মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে ২০১২ সালে রিতেশ দেশমুখকে বিয়ের পর অভিনয় থেকে বিরতিতে যান এই বলিউড তারকা। এবার ফিরছেন, ঠিক এক দশক পর। চলতি বছর মারাঠি, তেলেগু, কন্নড়সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিছুদিন আগে কন্নড় ছবি ‘বিক্রান্ত রোনা’র প্রচারে হাজির হয়েছিলেন তিনি। সেখানে অভিনয় থেকে বিরতি, ফিরে আসাসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
অতীত সাফল্য স্মরণ করে জেনেলিয়া বলেন, ‘আমি ফিরে এসেছি (অভিনয়ে)। দক্ষিণ ভারত ও বলিউডে আমার দারুণ সময়ে কেটেছে। সিনেমা আমার কাছে একটা লম্বা সফরের মতো। সত্যি বলতে, মুক্তির পর কী হবে, তা ভেবে আমি ছবিতে অভিনয় করিনি। ফিরতে পেরে দারুণ লাগছে।’ জেনেলিয়া কথা বলেন নাম ঠিক না হওয়া তেলেগু ছবিটি প্রসঙ্গেও। তিনি বলেন, ‘১০ বছর হয়ে গেছে ক্যামেরার সামনে দাঁড়াইনি। অবশেষে ফিরলাম। এটা আমার জন্য বিশেষ একটা প্রজেক্ট। ছবির প্রযোজক অসাধারণ একজন মানুষ, এ ছাড়া আছেন দুর্দান্ত সব অভিনয়শিল্পী। তবে ছবির সেটে কাজ করতে কিছুটা নার্ভাস লেগেছে। এত দিন পর কাজে ফেরায় নিজেকে নবাগতও মনে হয়েছে।’
বিয়ের পর অভিনয় থেকে বিরতি প্রসঙ্গেও কথা বলেছেন অভিনেত্রী। জানালেন, পরিবারে সময় দেওয়ার জন্যই কাজ বন্ধ করেছিলেন তিনি। জেনেলিয়া বলেন, ‘বিয়ের সময় একটা বিষয় নিয়ে নিজের কাছে পরিষ্কার ছিলাম—অবশ্যই পরিবারের সঙ্গে বেশি সময় কাটাব। কারণ, বিয়ের আগে আমি একটানা অনেক কাজ করেছি। হিন্দি সিনেমায় না হলেও দক্ষিণি সিনেমায় আমি ভীষণ ব্যস্ত সময় পার করেছি। আক্ষরিক অর্থেই সেখানে বছরের ৩৬৫ দিনই কাজ করেছি। ফলে বিয়ের পর কাজের চেয়ে পরিবারকে প্রাধান্য দেওয়া নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধা ছিল না। যদিও অনেকেই বিয়ের পর বলেছিল, আর অভিনয়ে ফিরতে পারব না।’
তেলেগু ছাড়াও সামনে বেশ কয়েকটি হিন্দি ও কন্নড় সিনেমায় অভিনয় করছেন জেনেলিয়া। তাঁর মধ্যে অন্যতম ‘বেদ’। এই ছবি দিয়েই মারাঠিতে অভিষেক হচ্ছে তাঁর। ছবিটিকে অভিনেত্রীর ‘পারিবারিক’ ছবিও বলা যায়। কারণ, ‘বেদ’-এর পরিচালক তাঁর স্বামী রিতেশ দেশমুখ। এই ছবি দিয়েই পরিচালক হিসেবে অভিষেক হবে তাঁর। চলতি বছরেই ছবিটির মুক্তি পাওয়ার কথা।