সাত পাকে বাঁধা পড়লেন দিব্যা-অপূর্ব

অপূর্ব পদগাঁওকর ও দিব্যা আগরওয়াল। ইনস্টাগ্রাম থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি পেল। বিয়ের পিঁড়িতে বসলেন বিগ বস ওটিটি বিজয়ী দিব্যা আগরওয়াল ও রেস্তোরাঁ ব্যবসায়ী অপূর্ব পদগাঁওকর। মুম্বাইয়ে মারাঠি ঐতিহ্যে বিয়ে সেরেছেন তাঁরা। মঙ্গলবার বিয়ের পরই ইনস্টাগ্রামে ছবি দিয়ে নতুন জীবন শুরুর ঘোষণা দেন নবদম্পতি।

আরও পড়ুন

এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিয়ের জন্য গোলাপি ও বেগুনি রং এবং সোনালি জরির কারুকাজের লেহেঙ্গা পরেছেন দিব্যা। সঙ্গে ম্যাচ করা ওড়না, হীরার গয়না-ফুল পরেছিলেন দিব্যা। হাতে ছিল কালিরা ও ঐতিহ্যবাহী চূড়। পাশাপাশি দিব্যার মতো একই প্রিন্টের ম্যাচিং বেগুনি কুর্তা পরেছেন বর অপূর্ব। মারাঠি রীতি মেনে মাথায় মুণ্ডাভাল্য পরেছেন দুজনে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের বেশ কটি ছবি পোস্ট করেছেন এই দম্পতি। প্রথমটি দিব্যাকে মঙ্গলসূত্র পরানোর একটি হাস্যোজ্জ্বল ছবি। পরেরটি অগ্নিসাক্ষী রেখে সাত পাকে ঘোরার মুহূর্ত। সবশেষ ছবিতে দেখা গেছে, একে-অন্যের দিকে তাকিয়ে সদ্য বিবাহিত দম্পতি।  

দিব্যা আগরওয়াল ও অপূর্ব পদগাঁওকর। ইনস্টাগ্রাম থেকে

বিয়ের ছবিগুলো শেয়ার করে নববধূ লিখেছেন, ‘এ মুহূর্ত থেকে আমাদের প্রেমের গল্প চলতে থাকবে...রব রাখা।’ তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। নবদম্পতিকে ভালোবাসা ও স্নেহাশীষ পাঠাচ্ছেন ভক্ত, বন্ধুবান্ধব আর প্রিয়জনেরা।

২০২২ সালে ব্যবসায়ী অপূর্বর সঙ্গে বাগ্‌দান সারেন স্প্লিটসভিলার সাবেক প্রতিযোগী দিব্যা আগরওয়াল। পরে ২০২৩ সালের ডিসেম্বরে বিয়ের ঘোষণা দেন তাঁরা। গেল সপ্তাহে বিবাহ–পূর্ববর্তী আচার-অনুষ্ঠান শুরু হয়ে যায় তাঁদের বাড়িতে। অনুষ্ঠানের মধ্যে ছিল ককটেল পার্টি থেকে মেহেদি ও হলুদের আয়োজন।  

২০১৫ সালে ‘মিস নাভি মুম্বাই’ খেতাব জেতেন দিব্যা। তাঁর জয়ে পার্টি রাখেন দিব্যার এক বন্ধু। সেখানে অপূর্বর সঙ্গে আলাপ। এরপর সম্পর্কের নানা জটিলতায় জড়িয়ে পড়েন দিব্যা। আসে অন্য সম্পর্কও। তবে মন বসেনি ওটিটি বিজয়ীর। সবশেষ ফিরেছেন প্রথম ভালোবাসাতেই। করে নিলেন জীবনসঙ্গী।