২৫ দিন পর বাড়িতে ফিরলেন, কোথায় ছিলেন এই অভিনেতা?
টিভি সিরিজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’ দিয়ে পরিচিতি পান অভিনেতা গুরুচরণ সিং ওরফে সোধি। মাঝখানে বেশ কিছুদিন যেন উধাও হয়ে ছিলেন এই অভিনেতা।
অবশেষে মিলল তাঁর সন্ধান। ২৫ দিন পর বাড়িতে ফিরলেন ‘নিখোঁজ’ অভিনেতা। খবর এনডিটিভির।
গত ২৬ এপ্রিল পুলিশের দ্বারস্থ হন অভিনেতার বাবা। তিনি জানান, ২২ এপ্রিল সকাল সাড়ে আটটায় মুম্বাইয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সোধি। ফ্লাইটে করে মুম্বাইয়ে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে পৌঁছাননি। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তিনি নিখোঁজ হয়ে গেছেন। এই অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা করে তদন্তে নামে পুলিশ। একাধিক দল তৈরি করে অভিনেতার খোঁজ চলছিল বলে জানান তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুযায়ী শেষবার ২৪ এপ্রিল বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে পালামে দেখা যায় অভিনেতাকে। তাঁকে একটি ব্যাগ কাঁধে রাস্তা পার হতে দেখা যায়। তবে তারপরই তিনি মুঠোফোন বন্ধ করে দেন। মুঠোফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে আর তাঁর গতিবিধিসংক্রান্ত কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি পুলিশের পক্ষে। নিখোঁজ হয়ে যাওয়ার পর দিল্লির একটি এটিএম থেকে সাত হাজার টাকাও তুলেছিলেন অভিনেতা।
দিন যতই যাচ্ছিল, ততই যেন জোরালো হচ্ছিল অপহরণের আশঙ্কা। এরপর আচমকাই নিখোঁজের ২৫ দিনের মাথায় সবাইকে অবাক করে দিয়ে বাড়িতে ফেরেন অভিনেতা। পুলিশকে তিনি জানান, ধর্মের টানে বাড়ি ছেড়েছিলেন। ২৫ দিন ধরে একাধিক শহরের বিভিন্ন তীর্থক্ষেত্রে যান। অমৃতসর ও লুধিয়ানার গুরুদ্বারেই ছিলেন। এভাবেই দিব্যি দিন কাটছিল। দিন বিশেক পর বাড়িতে ফেরার কথা মনে হয়। সে কারণেই বাড়ি ফেরা।