কেউ আঁকেন, কেউ দাবায় পারদর্শী, জেনে নিন তারকাদের গোপন প্রতিভা

রুপালি পর্দায় তারকাদের ঝলমলে উপস্থিতি আর অভিনয় দর্শকদের মন জয় করে এসেছে। কিন্তু পর্দার বাইরেও তাঁদের অনেকেরই এক নিজস্ব দুনিয়া আছে। সেই দুনিয়ায় কেউ সংগীত চর্চা করেন, কেউ খেলাধুলা করেন, আবার কেউবা ক্যানভাসে রংতুলির আঁচড় কাটেন। অভিনয়ের বাইরে কোন তারকার কোন সুপ্ত প্রতিভা আছে, তা জেনে নেওয়া যাক।

আমির খান
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান শুধু নিখুঁত চিত্রনাট্য বাছাইয়ের জন্যই পরিচিত নন, দাবার ছকেও তাঁর দক্ষতা রয়েছে। এই বলিউড সুপারস্টার প্রতিযোগিতামূলক দাবা খেলেছেন এবং প্রদর্শনী ম্যাচে গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের মুখোমুখিও হয়েছেন। সিনেমায় তাঁর কৌশলী চিন্তাভাবনার পেছনে দাবার প্রতি এই ভালোবাসার প্রভাব থাকতে পারে।

অক্ষয় কুমার
বলিউডের ‘খিলাড়ি’ হওয়ার অনেক আগেই অক্ষয় কুমার ব্যাংককে মার্শাল আর্টে প্রশিক্ষণ নিচ্ছিলেন। আর সেই সঙ্গে তিনি জীবিকা নির্বাহের জন্য কাজ করতেন একজন রাঁধুনি হিসেবে। ঢাকা শহরের এক রেস্তোরাঁয় কয়েক মাস রাঁধুনি হিসেবেও কাজ করেছেন এই বিটাউন তারকা। তাঁর তায়কোয়ানদোয় ব্ল্যাক বেল্ট রয়েছে এবং তিনি মুয়াই থাইয়েও প্রশিক্ষণ নিয়েছেন। কম মানুষই জানেন, রান্নার প্রতিও তাঁর গভীর ভালোবাসা রয়েছে। শুটিং সেটে সহকর্মীদের জন্য প্রায়ই রান্না করেন অক্ষয়, এমনকি নিজের রেস্তোরাঁ খোলার কথাও ভেবেছিলেন তিনি।

দাবার ছকেও দক্ষতা রয়েছে আমির খানের। ইনস্টাগ্রাম থেকে

আলিয়া ভাট
অভিনয় ও গানের দক্ষতার জন্য আলিয়া ভাট প্রশংসিত। তবে তাঁর আরেকটি সৃজনশীল দিক প্রায়ই আড়ালেই থেকে যায়। আলিয়ার চারকোল স্কেচ করার প্রতিভার কথা হয়তো অনেকেই জানেন না। শিল্পীমনের অধিকারী আলিয়া মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আঁকা ছবির ঝলক শেয়ার করেন, যেখানে ফুটে ওঠে তাঁর ভিজ্যুয়াল এক্সপ্রেশনের দক্ষতা। তাঁর সূক্ষ্ম চারকোল স্কেচে গভীরতা ও কল্পনাশক্তির প্রকাশ দেখা যায়, যা তারকার এক শান্ত ও অন্তর্মুখী দিককে সামনে আনে। এর পাশাপাশি ‘হাইওয়ে’ ও ‘উড়তা পাঞ্জাব’-এর মতো ছবিতে গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এতে প্রমাণিত হয়, পর্দার বাইরেও তাঁর শিল্পীসত্তার বিস্তার অনেক দূর পর্যন্ত।

দীপিকা পাড়ুকোন
বলিউড সুপারস্টার হওয়ার আগে দীপিকা পাড়ুকোন ছিলেন ক্রীড়াজগতের এক প্রতিভাবান মুখ। বাবা খ্যাতিমান ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের পথ অনুসরণ করে তিনি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলেছেন। কোর্টে শেখা শৃঙ্খলা ও সহনশীলতা তাঁর অভিনয়জীবনেও বড় ভূমিকা রেখেছে, আর এ কথা তিনি বিভিন্ন সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন।

দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া শুধু প্রাণবন্ত ও আকর্ষণীয় অভিনেত্রীই নন, তিনি প্রশিক্ষিত হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পীও। সংগীতে তাঁর আনুষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতাও রয়েছে। সংগীতে অনার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি এবং বহু বছর ধরে নিজের কণ্ঠসাধনা চালিয়ে গেছেন। বলিউডে আসার আগে সংগীত ছিল তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। চলচ্চিত্রে অভিনয় শুরু করার পরও তিনি সেই আবেগকে লালন করে চলেছেন। ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানে নিজের কণ্ঠের দক্ষতা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন পরিণীতি। তাঁর যাত্রা প্রমাণ করে, তিনি শুধু পর্দার পারফর্মার নন, অন্তরেও একজন সত্যিকারের শিল্পী।

রণদীপ হুদা
লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরেও আর একটা ভালোবাসার জগৎ আছে রণদীপ হুদার, আর সেটা হলো আস্তাবল। ঘোড়সওয়ার ও পোলো খেলোয়াড় হিসেবে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন। প্রাণিকল্যাণ নিয়েও তিনি সক্রিয়ভাবে কাজ করেন এবং অবসরে ঘোড়াদের প্রশিক্ষণ দিতে সময় কাটান।

ঘোড়সওয়ার ও পোলো খেলোয়াড় হিসেবে ভারতের প্রতিনিধিত্ব রণদীপ হুদা। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

সালমান খান
পর্দায় ঝড় তোলার বাইরে সালমান খান শান্তি খুঁজে পান ছবি আঁকায়। তাঁর আঁকা ছবি বিভিন্ন সময় দাতব্যকাজের জন্য নিলামে তোলা হয়েছে। শিল্পকর্মে তাঁর গভীর আবেগ ক্যানভাসে ফুটে ওঠে। আঁকাআঁকির পাশাপাশি গীতিকার হিসেবেও কাজ করেছেন তিনি। ‘রেস ৩’ ছবির ‘সেলফিশ’ গানের কথা লিখেছিলেন ভাইজান নিজেই।

আয়ুষ্মান খুরানা
অভিনয়ে আসার আগে আয়ুষ্মান ছিলেন রেডিও জকি ও টেলিভিশন সঞ্চালক। তিনি শুধু অভিনেতাই নন, একজন দক্ষ গায়কও। ‘ভিকি ডোনার’ ছবির ‘পানি দা’ গানটি তাঁকে গায়ক হিসেবেও পরিচিতি এনে দেয়। গান লেখা ও গিটার বাজাতেও পারদর্শী তিনি।

আয়ুষ্মান একজন দক্ষ গায়কও। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

সাইফ আলী খান
সাইফ আলী খান অভিনয়ের পাশাপাশি সংগীতের প্রতিও ভীষণ অনুরাগী। তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারেন এবং নিয়মিত সংগীত চর্চা করেন। অবসরে গিটারে টুংটাং করতে বেশি ভালোবাসেন সাইফ।

কমল হাসান
কমল হাসান অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নৃত্যশিল্পী ও প্লেব্যাক গায়ক হিসেবেও পরিচিত। বহু পুরস্কারজয়ী এই অভিনেতা একাধিক ক্ষেত্রে নিজের প্রতিভার ছাপ রেখেছেন।

আরও পড়ুন

রাহুল বোস
রাহুল বোস শুধু অভিনয়েই নয়, খেলাধুলাতেও সমান দক্ষ। তিনি ভারতের জাতীয় রাগবি দলের সদস্য ছিলেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন।

প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া শুধু বলিউড নয়, হলিউডেও সফল ক্যারিয়ার গড়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি গায়ক হিসেবেও পরিচিতি পেয়েছেন এবং আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে গান প্রকাশ করেছেন।

বিদ্যুৎ জামওয়াল
বিদ্যুৎ ছোটবেলা থেকেই কেরালার প্রাচীন মার্শাল আর্ট ‘কলারিপায়াত্তু’ অনুশীলন করছেন। তিনি একজন প্রশিক্ষিত মার্শাল আর্টের শিল্পী হিসেবেও পরিচিত।

ফারহান আখতার
ফারহান আখতার অভিনয়ের পাশাপাশি পরিচালক, গায়ক ও গীতিকার হিসেবেও সমান জনপ্রিয়। ‘দিল চাহতা হ্যায়’ ও ‘লক্ষ্য’-এর মতো ছবির মাধ্যমে পরিচালক হিসেবেও তিনি প্রশংসা কুড়িয়েছেন। বিভিন্ন কনসার্টে গিটার হাতে গান গেয়ে ঝড় তুলতে দেখা যায় তাঁকে।

ভিনয়ের পাশাপাশি গানটাও ভালো গান প্রিয়াঙ্কা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে