পরিণীতিকে অভিনেত্রী হতে বলেছিলেন কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিণীতি ও রাঘব
এএনআই

অবশেষে গতকাল শনিবার বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বাগ্‌দান সম্পন্ন হয়েছে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার। গতকাল নয়াদিল্লির কাপুরতলা হাউসে জাঁকজমকপূর্ণভাবে আংটি বদল করেন তাঁরা। গতকাল রাত সাড়ে নয়টায় ইনস্টাগ্রামে চারটি ছবি দিয়ে বাগ্‌দানের খবরটি জানিয়েছেন ভক্তদের। গত কয়েক বছর অভিনেত্রী হিসেবে আলাদা জায়গা করে নিলেও আপনি জানেন কি, পরিণীতি চোপড়ার অভিনয় নিয়ে তেমন আগ্রহই ছিল না! এক প্রতিষ্ঠিত বলিউড তারকাই তাঁকে অভিনেত্রী হতে প্রেরণা জুগিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে সে গল্পই জেনে নেওয়া যাক।

ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চেয়েছিলেন পরিণীতি, তবে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স ও অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রি নেওয়ার পর চলে আসেন ভারতে।

অবশেষে গতকাল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে রাঘব চাড্ডার
ইনস্টাগ্রাম

সেটা ২০০৯ সালের কথা। ভারতে এসে অবশ্য জড়িয়ে পড়েন সিনেমা–দুনিয়ার সঙ্গে। জনসংযোগ পরামর্শক হিসেবে যোগ দেন যশ রাজ ফিল্মসে।

আরও পড়ুন

এরপর কী হয়েছিল, সেটা পরিণীতি জানিয়েছিলেন করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে। পরিণীতি জানান, একবার রানী মুখার্জির সঙ্গে একটি টিভি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। কোনো এক কারণে সেদিন রানীর ম্যানেজার ছিলেন না, পরিণীতিকেই তাই অভিনেত্রীর সঙ্গে থাকতে হয়।

পরিণীতি চোপড়া
ছবি: ইন্সটাগ্রাম থেকে

একপর্যায়ে রানী পরিণীতির উদ্দেশে বলেন, ‘তুমি প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন, অভিনয়ে কেন আসছ না?’ রানীর এই এক কথাই ক্যারিয়ার নিয়ে পরিণীতির ভাবনা বদলে দেয়।

এ ঘটনার পরদিনই পরিণীতি চোপড়া হাজির হন কাস্টিং ডিরেক্টর শানু শর্মার বাড়িতে। শানু তাঁর একটি অডিশন নেন। শহীদ কাপুর ও কারিনা কাপুর খান অভিনীত ‘জব উই মেট’-এর একটি দৃশ্যে অভিনয় করতে বলা হয় পরিণীতিকে। তিনি দারুণভাবে উতরে যান।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি, পরিচালক মনীশ শর্মা তাঁকে সিনেমা নিয়ে কথা বলতে ডাকেন। এরপর পরিণীতির সঙ্গে তিনটি সিনেমার চুক্তি করে যশ রাজ ফিল্মস।

২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় পরিণীতির। ব্যাপক পরিচিতি অবশ্য পান ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ইশকজাদে’ সিনেমায় জয়া চরিত্রটিতে অভিনয় করেন।