‘রামায়ণা’র আগে অযোধ্যাতে ৪ কোটি টাকার জমি কিনলেন রণবীর
বলিউড অভিনেতা রণবীর কাপুর তাঁর আসন্ন ছবি ‘রামায়ণা’ নিয়ে আলোচনায় রয়েছেন। এর মধ্যেই তিনি উত্তর প্রদেশের অযোধ্যায় একটি জমি কিনেছেন। বৃহস্পতিবার এক রিয়েল এস্টেট সংস্থা এ তথ্য জানিয়েছে।
এক সরকারি বিবৃতি অনুযায়ী, ২১৩৪ বর্গফুট জমির এই চুক্তি বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকায় সম্পন্ন হয়েছে। জমিটি ‘দ্য সরযূ’ প্রকল্পের অংশ, যা সরযূ নদীর তীরে অবস্থিত ৭৫ একরের একটি প্লটেড প্রকল্প।
এই বিনিয়োগ সম্পর্কে রণবীর বলেন, ‘আমার বিশ্বাস, অযোধ্যাই আমাকে বেছে নিয়েছে। আমি শুধু সেই আহ্বানে সাড়া দিয়েছি। অযোধ্যা আমাদের ইতিহাসের গভীরে প্রোথিত এবং আমাদের সাংস্কৃতিক বুননের একটি গুরুত্বপূর্ণ অংশ। দ্য সরযূতে এই জমি আমার কাছে এমন একটি মাধ্যম হয়ে উঠেছে, যার মাধ্যমে আমি নিশ্চিত করতে পারব যে এটি আমার পরিবারের জন্য আমার উত্তরাধিকারের অংশ হয়ে থাকবে।’
রণবীরের আগে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন অযোধ্যায় চারটি সম্পত্তি কিনেছেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এই বর্ষীয়ান অভিনেতা শহরে ২৫ হাজার বর্গফুটের একটি প্লট ৫০ কোটি টাকায় কিনেছিলেন। তিনি দ্য সরযূ প্রকল্পেও ১৬ কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং ৫৪ হাজার বর্গফুটের একটি প্লট কিনেছেন। এটি অমিতাভের বাবা কবি হরিবংশ রাই বচ্চন ট্রাস্টের নামে নিবন্ধিত।
রণবীরকে আগামী দিনে পরিচালক নীতেশ তিওয়ারির ছবি ‘রামায়ণা’য় রামের চরিত্রে দেখা যাবে। এই ছবিতে দেবী সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণি নায়িকা সাই পল্লবীকে। ছবির প্রথম অংশ ২০২৬-এর দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়ার কথা। এ ছাড়া রণবীরের হাতে রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট, ভিকি কৌশল। ছবিটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি।